সদ্য প্রকাশিত
রাজনীতি

৫ জানুয়ারি নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার আসতো

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
৫ জানুয়ারি নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার আসতো

সিল্কসিটিনিউজ ডেস্ক: ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হতো তাহলে দেশে বর্তমানে অসাংবিধানিক সরকার থাকতো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিখ ধর্মের খালসা গ্রন্থের প্রবক্তা ও দশম গুরু গুরু গোবিন্দ সিং জ্বী’র ৩৫১তম জন্মদিবসে গুরু গোবিন্দ সিং জয়ন্তী ২০১৮ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি এর আয়োজন করে।

মন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হতো, তাহলে কি গণতন্ত্র কি থাকতো? বরং একটি অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করত। বাঙালি জাতির জন্য সেই দিনটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই সময় সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বাধ্য ছিলাম। নির্বাচন ছাড়া এই দেশে কোনো গণতান্ত্রিক মানুষ থাকতে পারে না। তারা সেদিন নির্বাচন ভন্ডুল করার জন্য যে জ্বালাও-পোড়াও আন্দোলন সফল হত তাহলে এদেশে এখন মার্শাল ল’ জারি থাকত। এখানে কোনো সাংবিধানিক সরকার থাকত না।

বিএনপি ভ্রান্ত ধারণা থেকে সরে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে সমর্থ হয়েছেন বলে আজ গণতন্ত্র উপভোগ করতে পারছে। গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারছে। বিএনপির যে ভ্রান্ত ধারণা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে ৫ বছরে।

 

বাংলানিউজ