সিল্কসিটিনিউজ ডেস্ক :
নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের ছেলে মারিউস বরগ হোয়িবিকে চারটি ধর্ষণসহ ৩২টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে সোমবার এক প্রসিকিউটর জানিয়েছেন।
ক্রাউন প্রিন্স হকনের সৎছেলে হোয়িবি গত বছরের ৪ আগস্ট প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকে তদন্তাধীন ছিলেন। প্রসিকিউটর স্টুরলা হেনরিকসবো জানান, চারটি ধর্ষণের পাশাপাশি অভিযোগগুলোর মধ্যে রয়েছে—এক প্রাক্তন সঙ্গীর প্রতি পারিবারিক নির্যাতন, সহিংসতা, ভাঙচুর, শান্তি ভঙ্গ ও আদালতের সংরক্ষণমূলক আদেশ লঙ্ঘন। এ ছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকজন নারীর অজ্ঞাতে তাদের ব্যক্তিগত অঙ্গচিত্র ধারণ করার অভিযোগও রয়েছে।

হেনরিকসবো বলেন, ‘এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড। এগুলো অত্যন্ত গুরুতর কাজ, যা স্থায়ী দাগ রেখে যেতে পারে ও জীবন ধ্বংস করে দিতে পারে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘মারিউস বরগ হোয়িবি রাজপরিবারের সদস্য হলেও তার ক্ষেত্রে বিচার অন্যদের তুলনায় হালকা বা কঠোর হওয়া উচিত নয়।’
২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের ঘটনায় হোয়িবি ইতিমধ্যেই হামলা ও ভাঙচুরের কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারের ১০ দিন পর প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্বীকার করেন, মদ্যপান ও কোকেন সেবনের পর এক ঝগড়ার সময় তিনি এমন আচরণ করেছিলেন। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও আসক্তির সঙ্গে লড়াই করছেন।
মারিউসের মা ক্রাউন প্রিন্স হকনকে বিয়ে করলে মাত্র চার বছর বয়সে আলোচনায় আসেন তিনি। পরে রাজদম্পতির সংসারে আরো দুই সন্তান জন্ম নেয়।
তবে সৎ ভাই-বোনদের মতো কোনো সরকারি দায়িত্বে নেই মারিউস।










