সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

৪ কোটি টাকার প্রকল্পের ভাগ নিয়ে ইউএনও-পিআইওর দ্বন্দ্ব

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৫৩ মিনিট পড়া
৪ কোটি টাকার প্রকল্পের ভাগ নিয়ে ইউএনও-পিআইওর দ্বন্দ্ব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমি কাবিখা ও টিআর প্রকল্প কমিটির সদস্যসচিব। আমাকে না জানিয়ে চেয়ারম্যানদের নিয়ে চার কোটি টাকার মনগড়া প্রকল্প তৈরি করেছেন ইউএনও। এতে আমাকে স্বাক্ষর করতে বললে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানদের দিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। এতে আমি ভীত নই।

ইউএনওর কথায় তো আমি চাকরি হারাতে চাই না।’
আজ বুধবার (২৯ অক্টোবর) কালের কণ্ঠের সঙ্গে কথাগুলো বলছিলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম।

এর আগে গত মঙ্গলবার ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে উপজেলার ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যান (১১ জন) একত্রিত হয়ে পিআইওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। তারা পিআইওর বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানরা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা, কাবিটা প্রকল্পে পিআইও রেজাউল করিম ২৫ শতাংশ নগদ ঘুষ দাবি করেছেন। পাশাপাশি সরকারি নিয়ম ছাড়াই ১৫ শতাংশ ভ্যাট-আয়কর এবং প্রত্যেক প্রকল্পে ‘মাস্টাররোল ফাইলিং’ বাবদ অতিরিক্ত তিন হাজার টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ করেন তারা।

২০২৫-২৬ অর্থ বছরের টিআর-কাবিখা প্রকল্পে ৪ কোটি টাকার ভাগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। দ্বন্দ্বের জেরে এই ঘটনাকে ঘিরে ঈশ্বরগঞ্জে প্রশাসনিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ‘প্রকল্পের টাকার ভাগাভাগি’ নিয়েই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত।
এ বিষয়ে পিআইও রেজাউল করিম বলেন, ইউএনও গত ১৯ অক্টোবর রাতে চেয়ারম্যানদের নিয়ে ৪ কোটি টাকার প্রকল্প তৈরি করেন। পরে তিনি ফোন করে জানান, তার (পিআইও) অফিসে ফাইল পাঠানো হয়েছে। তাতে তিনি স্বাক্ষর করেছেন। আমিও যেন স্বাক্ষর করে দেই।

ওই সময় তিনি না দেখে, না বুঝে স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করেন।
এ অবস্থায় ইউএনও উত্তেজিত হয়ে জেলা প্রশাসকের কাছে কমপ্লেইন করবেন বলে হুমকি দেন। এতেও রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে বিস্তারিত বলে আসেন। এ অবস্থায় ইউএনও ক্ষিপ্ত হয়ে ১১ চেয়ারম্যানদের নিয়ে গোপন বৈঠক করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নির্দেশ দেওয়া হয়।

ইউএনও সানজিদা রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা, কাবিটা প্রকল্পে পিআইও রেজাউল করিম ২৫ শতাংশ নগদ ঘুষ দাবি করেছেন। এ নিয়ে চেয়ারম্যানরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। এখানে আমার কোনো হস্তক্ষেপ নেই। তা ছাড়া ‘প্রকল্পের ৮০ ভাগ ইউনিয়ন চেয়ারম্যানদের প্রস্তাব অনুযায়ী, বাকি ২০ ভাগ উপজেলা পরিষদের প্রকল্প।

এই ২০ ভাগে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের। আর এই ২০ ভাগ প্রকল্পে সাধারণ মানুষের আবেদনের প্রেক্ষিতে দ্রুত বাস্তবায়ন করা হয়ে থাকে। এখানে তার কোনো এখতিয়ার নেই। আর এই ২০ ভাগে পিআইও তালিকা দিতে চান। তা ছাড়া তালিকা প্রস্তুত তিনিই করেছেন। আর তাতে তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তিনি ওপর মহলের নির্দেশনা অমান্য করে অন্যায় করেছেন। এখন ইউএনওর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম কালের কণ্ঠকে জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসক দুইজনকে ডেকে সমঝোতার মাধ্যমে সঠিক প্রকল্প তৈরি করে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।