সদ্য প্রকাশিত
তথ্যপ্রযুক্তি

২৯ অঙ্গরাজ্যের মামলায় মেটা, বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
২৯ অঙ্গরাজ্যের মামলায় মেটা, বদলে যেতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিশু-কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ক্ষতিকরভাবে ডিজাইন করা হয়েছে—এমন অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি লড়াই শুরু হয়েছে। দেশটির ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে করা মামলায় আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরা শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলার শুনানি শুরু হয়। মামলাটিতে অভিযোগ করা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু ফিচার শিশু-কিশোরদের অতিরিক্ত সময় ধরে প্ল্যাটফর্ম ব্যবহারে উৎসাহিত করে। একই সঙ্গে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে মেটা ভোক্তাদের বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ রয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, শিশুদের ব্যক্তিগত তথ্য যথাযথ অনুমতি ছাড়া সংগ্রহ ও ব্যবহারের মাধ্যমে মেটা ফেডারেল আইন লঙ্ঘন করেছে।

মামলায় চারটি অঙ্গরাজ্য—কলোরাডো, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি ও কেনটাকি—প্রধান ভূমিকা পালন করছে। তারা আদালতের কাছে মেটাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে বয়স যাচাইসহ বিভিন্ন পরিবর্তন আনার নির্দেশ দেওয়ার আবেদন করেছে। এর মধ্যে ইনফিনিট স্ক্রল বা অবিরাম স্ক্রল বন্ধ করার মতো পরিবর্তনও রয়েছে।

মেটার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে এর প্রভাব শুধু জরিমানার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। অঙ্গরাজ্যগুলো চাইছে, আদালতের নির্দেশে মেটাকে দেশজুড়ে প্ল্যাটফর্মের কিছু ফিচার পরিবর্তন করতে বাধ্য করা হোক।

মেটা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বড় ধরনের উদ্যোগ নিয়েছে। অঙ্গরাজ্যগুলো তাদের অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি বলেও দাবি করেছে মেটা।

মেটার বিরুদ্ধে সম্ভাব্য জরিমানার পরিমাণ নিয়েও তৈরি হয়েছে বড় আলোচনা। মেটার দাবি, জরিমানা ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে অঙ্গরাজ্যগুলোর আইনজীবীরা গত সপ্তাহে আদালতে ইঙ্গিত দিয়েছেন, এই অঙ্ক প্রায় ২০০ বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে।

মামলার শুনানিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

এই মামলার ফলাফল মেটার পাশাপাশি অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে। কারণ শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে হাজার হাজার মামলা চলছে।

আদালতের সিদ্ধান্তে ফেসবুক ও ইনস্টাগ্রামের নিয়ম বা ফিচারে বড় পরিবর্তন এলে ভবিষ্যতে শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ধরনও বদলে যেতে পারে।