সদ্য প্রকাশিত
রাজনীতি

২৪ ধাক্কায় নিঃস্ব হবে বিএনপি

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৮২ মিনিট পড়া
২৪ ধাক্কায় নিঃস্ব হবে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অভ্যন্তরীণ কোন্দলে বিভক্তির পথে বিএনপি। একদিকে দলের চেয়ারপারসনের ৫ বছর কারাদণ্ড শুরু হয়েছে অন্যদিকে আলাদা দুই মামলায় ৭ ও ১০ বছর করে কারাদণ্ড ঝুলে আছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কাঁধে। এ নিয়ে এমনিতেই পর্যদুস্ত দল। সম্প্রতি বিএনপির নানাবিধ সমস্যায় প্রকাশ্যে এসেছে আরেকটি জটিলতম অধ্যায়। বিএনপির ২৪ জন নেতা অযোগ্য হতে চলেছেন। যা বিএনপির জন্য অপ্রতিরোধ্য ধাক্কা হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

আইন অনুযায়ী, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দুই বছরের বেশি সময় সাজা হলে তিনি নির্বাচনের অযোগ্য বলে গণ্য হন।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির একাধিক শীর্ষনেতা আলাদা আলাদা মামলায় দণ্ডিত হতে পারেন। ফলে তারা দণ্ডিত হয়ে দুই বছরের বেশি সময় কারাদণ্ড পেলে তারাও নির্বাচনের জন্য অযোগ্য হবেন।

এরইমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের দণ্ড ভোগ করছেন বেগম খালেদা জিয়া, অন্যদিকে দণ্ডপ্রাপ্ত হয়ে দলে সর্বোচ্চ ধরাশয়ী তালিকায় অবস্থান করছেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরলেই তার কারাজীবন শুরু হবে। আতঙ্কের ব্যাপার হচ্ছে, বিএনপির শীর্ষ চারনেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান এবং এ কে এম মোশারফ হোসেনের দুর্নীতি মামলা এখন শেষ পর্যায়ে।

আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শীর্ষ চারনেতা ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও ১৮ নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির পথে। ফলে বেগম জিয়া এবং তারেক রহমানের পর পর্যায়ক্রমে নেতারা দণ্ডিত হলে তারাও নির্বাচনে অযোগ্য হবেন। যা হবে বিএনপির জন্য বড় ধাক্কা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র একজন নেতা হতাশার সুরে বলেন, দল হিসেবে বিএনপির যতটা গ্রহণযোগ্যতা ছিলো সেই অবস্থানটুকুও দলে মতানৈক্য ও নেতাদের যথেচ্ছাচারের কারণে ধীরে ধীরে হারিয়ে গেছে এবং যাচ্ছে। প্রতিদিনের ভুল জমতে জমতে দল আজ নিঃশেষের পথে।