সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রায় ২০০ যাত্রী নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপে যাওয়ার পথে একটি ইঞ্জিন বোট বিকল হয়ে গেছে। যদিও ঘণ্টাখানেক পরে বোটটি উদ্ধার করে নিরাপদে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে বোটটি সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট অভিমুখে রওনা দেয়। এর আধা ঘণ্টা পর ওই বোটের ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়।

এসময় সাগরে ছিল ঠান্ডা বাতাস ও কুয়াশা। যে কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বোটের যাত্রী সায়েদ জানান, ইঞ্জিন বিকল হওয়ার সাথে সাথে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বোটে ছিল না কোনো আলোর ব্যবস্থা।
অতিরিক্ত ঠান্ডায় নারী ও শিশুরা দুর্ভোগে পড়ে।
এদিকে, বোটটির বিকল হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যাত্রীদের স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দেয়।
বোট যাত্রী সুমন বিল্লাহ জানান, প্রায় এক ঘণ্টা পর কুমিরা থেকে একটি বোট এসে বিকল বোটটি উদ্ধার করে গন্তব্যস্থল গুপ্তছড়ার দিকে রওনা দেয়।
এরপর সন্ধ্যা ৭টায় কুমিরা-গুপ্তছড়া নৌরুট কর্তৃপক্ষের ফেসবুক পেজ থেকে বোটটির ঘাটে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়।









