আন্তর্জাতিক

১৪ লাখ বছর আগের পায়ের ছাপে মিলল বিলুপ্ত মানবপ্রজাতির নতুন তথ্য

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কেনিয়ায় পাওয়া প্রায় ১৪ লাখ ৩০ হাজার বছর আগের কিছু পায়ের ছাপ মানবজাতির বিলুপ্ত একটি প্রজাতি ‘প্যারান্থ্রোপাস বোইসেই’ সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। গবেষকদের ধারণা, তারা আগে মনে করা তুলনায় আকারে বড় ছিল এবং দলবেঁধে চলাফেরা করত।

মঙ্গলবার (২৮ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা কেনিয়ার লেক টারকানা এলাকার একটি প্রাচীন হ্রদের তীরে ২১টি পায়ের ছাপ খুঁজে পেয়েছেন। তাদের ধারণা, এসব ছাপ আটজন প্যারান্থ্রোপাস বোইসেই নামের একটি বিলুপ্ত মানব-আত্মীয় প্রজাতির।

এতদিন এই প্রজাতি সম্পর্কে বিজ্ঞানীরা শুধু মাথার খুলি ও দাঁতের জীবাশ্ম থেকে তথ্য পেয়েছিলেন।

কিন্তু এবার প্রথমবারের মতো পায়ের ছাপ বিশ্লেষণ করে তারা জানতে পেরেছেন, এই প্রাণীগুলো দেখতে কেমন ছিল, কতটা লম্বা ছিল এবং কিভাবে চলাফেরা করত।

গবেষণায় আরো উঠে এসেছে, তারা প্রায় ৬ ফুট লম্বা এবং প্রায় ৭৫ কেজি ওজনের হতে পারে। অর্থাৎ আগে ধারণা করা তুলনায় তারা ছিল অনেক বড়।

পায়ের ছাপগুলো পাশাপাশি একই দিকে এগিয়ে যাওয়ায় গবেষকদের ধারণা, তারা একসঙ্গে চলছিল।

সম্ভবত তারা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল। তবে তারা কেন সেখানে গিয়েছিল, তা নিশ্চিত নয়। খাবার বা পানির খোঁজে, আশপাশ পর্যবেক্ষণ করতে বা শুধু একসঙ্গে চলতে গিয়েও তারা সেখানে থাকতে পারে।
একই স্থানে জলহস্তী, হরিণজাতীয় প্রাণী ও পাখির পায়ের ছাপও পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, সে সময় ওই এলাকায় মানুষ ও অন্যান্য প্রাণী একই পরিবেশে বসবাস করত।

উল্লেখ্য, প্যারান্থ্রোপাস বোইসেই প্রায় ২৩ লাখ বছর আগে পৃথিবীতে আসে। পরে প্রায় ১২ লাখ বছর আগে এটি বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যের অভাব দেখা দেওয়ায় প্রজাতিটি ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যায়।