জাতীয়

১০ দাবিতে গণপূর্তের ইলেকট্রিক্যাল ঠিকাদারদের বিক্ষোভ

নিউজ ডেস্ক১১ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বকেয়া বিল পরিশোধ, সিডিউল রেট সংশোধন, প্যাকেজ টেন্ডার বন্ধ, তালিকাভুক্তি ও নবায়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টটস্ অ্যাসোসিয়েশন (গণপূর্ত)। সংগঠনের নেতারা বলেন, গণপূর্তের বিভিন্ন ডিভিশনের ৭/৮ বছরের বকেয়া বিল পড়ে থাকলেও তা পরিশোধ করা হচ্ছে না। এসব বকেয়া বিল পরিশোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সোমবার (১১ মে) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবন ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরা হয়।

সমাবেশ শেষে প্রধান প্রকৌশলীর মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপির বিষয়বস্তু তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন দুলাল, সহসভাপতি প্রদীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুস সুমন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বৈশ্বিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রিক্যাল পণ্য, যন্ত্রাংশসহ সামগ্রিক পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি পেলেও ২০২২ সাল থেকে ইএম-এর রেট সিডিউল বৃদ্ধি পায়নি।

বর্তমান বাজার দরে সঙ্গে রেটসিডিউল সমন্বয় করার জোর দাবি করা হয়। বলা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে রেট সিডিউল অনুমোদন না পাওয়ায় দেশের অবকাঠামোগত উন্নয়ন মানসম্মত হচ্ছে না। এ ছাড়া কাজের ভ্যাট-ট্যাক্স চুক্তিপত্রের অর্থবছর অনুযায়ী করা, প্যাকেজ টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে ইএম-এর কাজের অংশ আলাদা টেন্ডার করার জোর দাবি জানানো হয়।

আরো বলা হয়, সিডিউল মূল্য তালিকা হতে যেসব পণ্যের বাজার দর বেশি সেসব পণ্য ক্রয় করা কিংবা নির্দিস্ট কম্পানির পণ্য কিনতে বাধ্য করা যাবে না।

নতুন সংযোজিত তালিকাভুক্তি ও নবায়ন ফি বাতিল করে আগের মতো ব্যবস্থায় ফিরিয়ে নিতে হবে। প্রতিটি ডিভিশনে বরাদ্দ বৃদ্ধি করে নতুন সংযোজিত প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে। ফ্রেমওয়ার্কে টেন্ডার বাতিল করে অন্যদের বঞ্চিত করা যাবে না। এ ছাড়া সিভিলের কাজের সঙ্গে সঙ্গে ইএম-এর আগাম টেন্ডার বন্ধ করার জোর দাবি জানানো হয়।
সমাবেশ শেষে অ্যাসোসিয়েশনের নেতারা প্রধান প্রকৌশলীর মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।