লাইফ স্টাইল

হৃদরোগে মাথাব্যথা

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

আলম ৩৪ বছর বয়স। গত ২ মাস ধরে মাথার ব্যথায় ভুগছেন। রোগীর অন্যান্য পরীক্ষার পাশাপাশি রক্তচাপ মেপে দেখা গেল রক্তচাপ অনেক বেশি। সিস্টোলিক রক্তচাপ ১৬০ মিমি পারদ ও ডায়াস্টোলিক রক্তচাপ ১০০ মিমি পারদ।

উনার উচ্চ রক্তচাপের একটি ওষুধ দেয়ার পাশাপশি অতিরিক্ত লবণ না খাওয়ার ও অন্যান্য সুস্থ জীবনযাত্রার পরামর্শ দেয়া হল। ৩ দিন পর উনি ফলোআপে আসলে জানালেন যে মাথাব্যথা কম ও রক্তচাপ মেপে দেখা গেল যে সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ এখন স্বাভাবিক। উনাকে নিয়মিত ওষুধ খাবার পাশাপাশি সুস্থ লাইফস্টাইল পালনের পরামর্শ দেয়া হল।

আলী ৪৫ বছর বয়স, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল রোগে ভুগছেন, ৫ বছর ধরে ধূমপান করেন। নিয়মিত ওষুধ খান না ও সুস্থ জীবনযাত্রার নিয়মানুযায়ী চলেন না।

গত ১ মাস আগে বুকে প্রচণ্ড ব্যথা হলে হাসপাতালে ভর্তি হন ও রিপোর্টে দেখা যায় উনার একটি বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। উনার এনজিওগ্রাম করে ব্লক পাওয়া যাওয়ায় একটি রিং বসানো হল ও নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি সুস্থ জীবনযাত্রার পরামর্শ দেয়া হল।

কয়েকদিন ওষুধ খাবার পর উনি জানালেন যে একটি ওষুধ খাবার পর উনার খুব মাথাব্যথা হয়। উনার নাইট্রেট জাতীয় ওষুধের মাত্রা ও প্রিপারেশনের ধরন পরিবর্তন করা হল। ৭ দিন পর ফলোআপে আসলে রোগী জানালেন যে ওষুধ খেলে উনার আর এখন মাথাব্যথা হয় না।

মিসেস হক ৪৪ বছর বয়স গত ৩ মাস ধরে পরিশ্রমে শ্বাসকষ্ট অনুভব করেন ও মাঝে মাঝে প্রচণ্ড মাথাব্যথা হয়। উনার ডায়াবেটিস নেই, রক্তচাপ স্বাভাবিক, রক্তের চর্বির মাত্রা স্বাভাবিক। উনার অন্যান্য পরীক্ষার পাশাপাশি ইসিজি, বুকের এক্স-রে ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার পরামর্শ দেয়া হল।

ইসিজি ও বুকের এক্স-রে রিপোর্ট অস্বাভাবিক ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় দেখা গেল হৃদযন্ত্রের দুই অলিন্দের মাঝখানের পর্দায় একটি ছোট ছিদ্র। এ ছিদ্র যন্ত্রের মাধ্যমে বন্ধ করার পর উনার শ্বাসকষ্ট ও মাথাব্যথা কমে গেল।

প্রফেসর (ডা.) মো. তৌফিকুর রহমান (ফারুক)

মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ

চেম্বার : মেডিনোভা, মালিবাগ মোড, হোসাফ টাওয়ার

মোবাইল ফোন : ০১৭৭৭৭৫১২৫১