সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন দেশটির জনপ্রিয় পপ গায়িকা হাদিকা কিয়ানি।এক সোশ্যাল মিডিয়া পোস্টে কিয়ানি অনুরোধ করেছেন, কেউ যেন হুমাইরা ও তার পরিবারের ব্যক্তিগত শোককে জনসম্মুখে আলোচনার উপকরণ না বানান।
এ নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে পপ তারকা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, হুমায়রা আসগরের জীবন এবং তার পরিবারের শোককে জনদর্শনের বস্তুতে পরিণত করবেন না। দয়া করে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন এবং প্রত্যেকে নিজেদের জীবনের দিকে মনোনিবেশ করুন’।

অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় হুমাইরার বড় ভাইয়ের স্ত্রী দাবি করেন, অভিনেত্রী হুমাইরার শোবিজে কাজ করার সিদ্ধান্তের কারণেই পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।
নাবিদ আসগরপত্নী বলেন, ‘হুমাইরার পরিবার শুরু থেকেই চায়নি যে তিনি শোবিজে কাজ করুন। তার পেশাগত পথ বেছে নেওয়াটা পরিবারের বহু সদস্য, বিশেষত তার বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে।’
এদিকে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। অন্যদিকে করাচি পুলিশও তাদের তদন্তের পরিসর আরও বাড়িয়েছে।
করাচি পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ফরেনসিক ও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা চলছে। এছাড়া হুমাইরার মোবাইল ফোন থেকে প্রাপ্ত নম্বরের তালিকা থেকে ১০ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এরই মধ্যে দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভবনটির সাবেক প্রহরীকেও জেরা করা হয়েছে, যিনি ইতোমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছেন। তার কাছ থেকে মূলত হুমাইরার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল কি না, বা মাদকের সংশ্লিষ্টতা ছিল কি না, এসব বিষয়ে তথ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
করাচি পুলিশ আরও জানিয়েছে, সোমবার আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
কর্মকর্তারা বলছেন, হুমাইরার জীবনের শেষ কয়েক মাসের তথ্য জানতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে সামা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফ্ল্যাটটির মালিক মিরওয়াইজ খান জানান, হুমাইরা ২০১৮ সালের ডিসেম্বরে ওই ফ্ল্যাটটি প্রতি মাসে ৪০,০০০ টাকা ভাড়ায় নিয়েছিলেন। ২০১৯ সালে চুক্তি নবায়নের কথা থাকলেও তার দাবি অনুযায়ী, হুমাইরা তা করেননি এবং ভাড়া বৃদ্ধিতেও সম্মতি দেননি।









