ছবিঘর

হুমাইরার মরদেহ গ্রহণ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২৫৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভেতর থেকে উদ্ধার হওয়া মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের লাশ গ্রহণ করল পরিবার। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের দাবিও জানালেন। অভিনেত্রীর বাবা লাশ নিতে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত তার ভাই লাশ গ্রহণ করেন ও বোনের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান।

করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের (ডিফেন্স হাউসিং অথরিটি) একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন হুমাইরা আসগর।

অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা মেয়ের লাশ নিতে অস্বীকৃতি জানান। এমনকি তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন।তবে শেষ পর্যন্ত হুমাইরার লাশ গ্রহণ করেছে পরিবার। গলফ নিউজের প্রতিবেদন অনুসারে, হুমাইরার ভাই নাভিদ আসগর লাহোর থেকে এসে বৃহস্পতিবার (১০ জুলাই) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বোনের মরদেহ গ্রহণ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি। আমাদের মধ্যে দূরত্ব ছিল, তবে তা মানে এই নয় যে আমরা তাকে ত্যাগ করেছি। গত তিন দিন ধরে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে মরদেহ বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম। আমার বাবার কিছু কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
আমরা পুরো ঘটনা জানতে চাই, তদন্ত যেন স্বচ্ছ হয়।’তিনি আরো জানান, পারিবারিক এক আত্মীয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং বাবার মানসিক অবস্থার অবনতির কারণে তারা সময়মতো প্রতিক্রিয়া জানাতে পারেননি। নাভিদ গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘মিডিয়া যেন অনুমানের ভিত্তিতে খবর না বানিয়ে, প্রকৃত প্রশ্ন তোলে। যেমন বাড়ির মালিক কেন হুমাইরার খোঁজ নেননি? দরজা কিভাবে খোলা হলো? সিসিটিভি কেন ছিল না? এসব প্রশ্নের উত্তর খুঁজলেই সত্য বেরিয়ে আসবে।’

গত এক বছরে পরিবার একাধিকবার হুমাইরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বলেও জানান তিনি।

নাভিদ আসগর বলেন, ‘আমার মা শেষবার যখন তার সঙ্গে কথা বলেন, তিনি তখন নতুন ঠিকানা জানতে চেয়েছিলেন। কিন্তু হুমাইরা তা জানাননি। এমনকি তার ফোনও প্রায় ছয় মাস ধরে বন্ধ ছিল।’এ ঘটনায় পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। হুমাইরার অ্যাপার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হুমাইরার দুটি মোবাইল ফোনের একটি উদ্ধার করা হয়েছে, আরেকটির এখনো খোঁজ পাওয়া যায়নি। এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। পুলিশের তথ্য মতে, ২০২৪ সালের অক্টোবর থেকেই অভিনেত্রী হুমাইরা কারো সঙ্গে যোগাযোগ রাখেননি।

ময়নাতদন্তের পর তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৯ মাস আগেই মৃত্যু হয়েছে হুমাইরার। সম্ভবত ২০২৪ সালের অক্টোবর মাস নাগাদ মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই ভাড়া বাকি ছিল হুমাইরার। বারবার যোগাযোগের চেষ্টা করেও যখন ফল মেলেনি, তখন বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীর ফ্ল্যাটে পুলিশ আসে। সেখানে গিয়ে অভিনেত্রীর পচা গলা মরদেহ উদ্ধার করে পুলিশ।