ধর্ম

হাদিসের বাণী আল্লাহর প্রতি বান্দার আশার মহিমা

নিউজ ডেস্ক৪ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আবু হুরায়রা (রা.)-থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী। যখন সে আমাকে স্মরণ করে, তখন আমি তার সাথে থাকি। ওয়াল্লাহি! নিশ্চয় মহান আল্লাহ তাআলা বান্দার তাওবার মাধ্যমে ততটা খুশি হন, বান্দা যতটা খুশি হয়-মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া উট পাওয়ার পরে। আর যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই।

আর যে আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই। আর সে যখন আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। (সহিহ বুখারি, হাদিস নং : ৭৪০৫)
শিক্ষা ও বিধান

১. আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা জরুরি। কেননা বান্দা যদি আল্লাহর কাছে ভালো আশা রাখে, আল্লাহ তার সাথে তেমনই আচরণ করেন।

২. বান্দা যখন আল্লাহকে স্মরণ করে—জিকির, দোয়া, ইবাদতের মাধ্যমে—তখন আল্লাহ তার সাথে থাকেন। তাই জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির করা উচিত।

৩. তাওবা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাই যত বড় গুনাহই হোক, আন্তরিক তাওবা করলে আল্লাহ অত্যন্ত খুশি হন।

৪. আল্লাহর রহমত বান্দার চেষ্টার চেয়েও বেশি। তাই নিষ্ঠার সাথে সামান্য আমল করলেও আল্লাহ বহুগুণ বাড়িয়ে প্রতিদান দেন।

৫. আল্লাহর দিকে ফিরে আসা সহজ। তাঁর দরজা সবসময় খোলা, শুধু ফিরে আসার ইচ্ছা দরকার। কেননা তিনি বান্দাকে দূরে ঠেলে দেন না; বরং কাছে টেনে নেন।