সিল্কসিটিনিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বৃহস্পতিবার হাঙরের আক্রমণে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। এতে ওই ব্যক্তির হাত ও পা ক্ষতবিক্ষত হয়েছে। ৬৫ বছরের ওই ব্যক্তি কোনও রকমে হাঙরের কবল থেকে নিজেকে মুক্ত করে সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

সিডনি থেকে ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তরে ফরেস্টের কাছে সেভেন মাইল বিচে এ ঘটনা ঘটে। নিউক্যাসল হেরাল্ড পত্রিকা জানিয়েছে, সাদা হাঙরটি ৩.৫ মিটার (১১ফুট) দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে।
প্যারামেডিকসরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সৈকতটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন










