জাতীয়

হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারী বর্ষণে সুনামগঞ্জের হাওড়াঞ্চলসহ তিন জেলায় যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

“গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়,” বলেন তারেক রহমান।

বুধবার সকালে পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

“আজ সকালে অধিবেশন শুরু হওয়ার আগে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়েছি, এ তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকা প্রবল বর্ষণে সমস্যার সম্মুখীন হয়েছে।”

“এসব এলাকার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের লোকেট করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো,” বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে একটি সমীক্ষা সমাপ্ত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

 

সূত্র: বিবিসি বাংলা