হবিগঞ্জের নবীগঞ্জে মুখোমুখি সংঘর্ষের পর বিআরটিসি বাস ও ২টি সিএনজি সড়কের পাশে গভীর খাদে পড়ে পানিতে তলিয়ে গেছে। এতে মা-মেয়ে ও একই পরিবারের ৩ জনসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, সোমবার বিকেলে মুশকিল হাসানের মাজারের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস ও স্থানীয় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, আমরা ৭ টি মরদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে একজন নারী। গাড়ির ভেতরে আটকে থাকা আরো মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে মরদেহের সংখ্যা আরো বাড়তে পারে।
নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের পুত্র অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। এছাড়া একজন অজ্ঞাত পুরুষ মারা গেছেন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্রঃ কালের কণ্ঠ









