সিল্কসিটিনিউজ ডেস্ক:
মেয়র থাকা অবস্থায় সন্দেহভাজন অপরাধীদের হত্যা করার কথা প্রকাশ্যে স্বীকার করার পর সিনেটরদের তোপের মুখে পড়েছেন ফিলিপাইনের ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। তাকে অভিশংসিত করার দাবি জানিয়েছেন দুই সিনেটর।
সম্প্রতি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে জানিয়েছেন,তিনি দাভাও শহরের মেয়র থাকাকালে সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যা করেছেন। মাদক-বিরোধী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে দুয়ার্তে বলেন,‘অপরাধীকে কিভাবে হত্যা করতে হয়,পুলিশকে তা শেখাতেই’ তিনি এ কাজ করেছেন। ওই ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট আরও বলেন, দাভাও শহরের মেয়র থাকাকালে তিনি নিজে মোটর সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় টহল দিতেন এবং বহু অপরাধীকে হত্যা করেছেন। তিনি বলেন,‘আমি তাদের মুখোমুখি হতে চাইতাম, যেন তাদের হত্যা করতে পারি।’ দুয়ার্তে ওই শহরে প্রায় ২০ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন।

দুয়ার্তের অন্যতম সমালোচক ও সিনেটর লিলা দে লিমা এবং সিনেট জাস্টিস কমিটির প্রধান রিচার্ড গর্ডনের মতে প্রেসিডেন্টের এ বক্তব্যই প্রমাণ করে তাকে উৎখাত করা দরকার। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে লিমা বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আর এটি উচ্চ পর্যায়ের অপরাধে পরিণত হয়েছে। কেননা, গণহারে হত্যাকে উচ্চ পর্যায়ের অপরাধের মধ্যেই ফেলা হয়। আর সংবিধান অনুযায়ী, এ ধরনের উচ্চ পর্যায়ের অপরাধ সংঘটনকারীকে অভিশংসনের বৈধতা দেয়।’
সাংবাদিকদেরকে গর্ডন বলেন, ‘যখন তিনি (দুয়ার্তে) খোলাখুলিভাবেই বলেছেন, তখন আইনি পথ আর কী হতে পারে। এগিয়ে যাও আর তাকে অভিশংসিত কর।’
অবশ্য, আইনমন্ত্রী ভিটালিয়ানো আগুইরে দুয়ার্তের বক্তব্যকে ‘অতিশয়োক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। ভিটালিয়ানো বলেন, ‘নিজের বার্তা ছড়িয়ে দিতে তিনি (দুয়ার্তে) সবসময় অত্যুক্তি করেন।’
তার দাবি, দুয়ার্তে যদি হত্যাও করে থাকেন তার জন্য তাকে যে আইন ভঙ্গ করেই তা করতে হবে তা নয়। যৌক্তিক কারণ ও যৌক্তিক পরিস্থিতি এর নেপথ্যে থাকতে পারে।
চলতি বছরের মে মাসে ক্ষমতায় আসার পর শুরু করা দুয়ার্তের মাদক-বিরোধী অভিযানে পাঁচ হাজারেরও বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো দুয়ার্তের মাদক-বিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করছে এবং তা বন্ধের জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুয়ার্তেকে অভিশংসিত করার পদক্ষেপ সফল হওয়ার সম্ভাবনা কম। এছাড়া মাদকবিরোধী অভিযানের জন্য দেশের অভ্যন্তরে তার প্রতি প্রচুর সংখ্যক মানুষের সমর্থনও রয়েছে। কংগ্রেসের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষে ‘পানিশার’ নামে পরিচিত এ প্রেসিডেন্টের মিত্র রয়েছে। নিম্নকক্ষে অভিশংসনের প্রক্রিয়া শুরুর জন্য মাত্র এক তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হলেও উচ্চ কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট দরকার।
সূত্র: বাংলা ট্রিবিউন










