সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

হটানো যাচ্ছে না ইঁদুরকে! নাছোড় কলকাতা পুরসভার নতুন পদক্ষেপ

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৭২ মিনিট পড়া
হটানো যাচ্ছে না ইঁদুরকে! নাছোড় কলকাতা পুরসভার নতুন পদক্ষেপ

সিল্কসিটিনিউজ ডেস্ক: হ্যামেলিনের বাঁশিওয়ালাকে আর কোথায় পাওয়া যাবে? অগত্যা শহরে ইঁদুরের রাজত্ব ধ্বংস করতে কলকাতা পুরসভা দ্বারস্থ হয়েছে মুম্বই পুরসভার। শুধু তা-ই নয়, ইঁদুর মারতে যত ওয়েবসাইট রয়েছে, তা-ও ঘেঁটে দেখা হচ্ছে। তবে সমাধান সূত্র মেলেনি এখনও।

সেকারণে পুরসভার স্বাস্থ্য দফতরের পরামর্শ, যত্রতত্র খাবার ফেলা বন্ধ করতে হবে এবং ইঁদুরের গর্ত দেখলে তা বোজাতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্যোগেই। পুরসভার ইঞ্জিনিয়ারিং দফতরকে এই পরামর্শই তিনি দিয়েছেন বলে জানালেন স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ।

রাস্তায় ধস থেকে শুরু করে বড় বড় সেতুর পরিকাঠামো নাড়িয়ে দিয়ে পুরসভাকে বিপদে ফেলেছে মূষিকবাহিনী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরসভার কাছে ইঁদুর হটানোর অনুরোধও এসেছে। কিন্তু পুরসভা এখনও ‘অসহায়’।

অতীনের কথায়, ‘‘কলকাতা পুরসভায় ইঁদুর নিধনের কোনও পরিকাঠামো নেই। অতীতে কোনওদিন তা ছিল কি না, পুরসভায় তার কোনও রেকর্ড নেই। শুনেছি মুম্বই পুরসভা শহর থেকে ইঁদুর সরানোর পরিকাঠামো তৈরি করেছে। তাই বার বার তাদের চিঠি পাঠাচ্ছি। এখনও উত্তর পাইনি। এছাড়াও, সংক্রমণ না ছড়িয়ে কীভাবে ইঁদুরের উপদ্রব বন্ধ করা যায়, সে ব্যাপারে ওয়েবসাইটও সার্চ করা হচ্ছে।’’ তিনি অবশ্য জানান, বিশ্বের সব ক’টি পুরনো শহরে ইঁদুরের উৎপাত রয়েছে। লন্ডন এবং কলকাতা সেগুলির অন্যতম।

পুরসভা সূত্রের খবর, সম্প্রতি লোক নিয়োগ করে ইঁদুর নিধনের প্রস্তাবও এসেছিল। তবে বিশেষজ্ঞদের পরামর্শে এই প্রস্তাব বাতিল করে দিতে হয়েছে। কারণ, বিশেষজ্ঞদের একাংশের মতে, বিষক্রিয়ার মাধ্যমে ইঁদুর মারলে অন্য সমস্যা দেখা দেবে। আক্রান্ত ইঁদুর কোথায় গিয়ে মারা যাবে, তা বার করা দুষ্কর। শহরের রাস্তা বা রাস্তার ধারের আশপাশের বাড়িতে ঢুকেও মরতে পারে তারা। শহর জুড়ে ইঁদুরের মড়ক শুরু হলে দেখা যেতে পারে অন্য সংক্রমণ।

পুরসভার ইঞ্জিনিয়ারিং দফতরের আধিকারিকরা জানান, শহরের বেশির ভাগ রাস্তার ধস নামে ইঁদুরের গর্তের জন্য। কয়েক মাস আগে, হাতিবাগানের কাছে একটি পাড়ায় ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে এলাকার বাসিন্দারা পুরসভাকে জানান। পুরকর্মীরা দেখেন, পুরনো ওই পাড়ার অনেক জায়গায় গর্ত রয়েছে। তারপর গর্তের মধ্যে কাচ ফেলে কংক্রিট দিয়ে বাঁধানো হয়। দেওয়া হয় পিচের আস্তরণ। পুরসভার দাবি, সেখানে ইঁদুরের উপদ্রব আপাতত কমানো গিয়েছে। সূত্র: এবেলা