জাতীয়

হজ শেষে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক : বিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইনস ২৬ হাজার ৩৫৪ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৫ ও সৌদি এয়ারলাইনস ৭২টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

এ বছর হজ পালন করতে গিয়ে ৪২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।

ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।