সিল্কসিটিনিউজ ডেস্ক :
মানুষের জীবনে কিছু সফর থাকে—যা শুধু স্থান পরিবর্তন নয়, বরং আত্ম উন্নয়নের আধ্যাত্মিক সফর হয়ে থাকে। হজ তেমনই এক অনন্য সফর; যেখানে দেহ নয়, বরং আত্মা সফর করে। যে সফর যুগে যুগে অসংখ্য নবী-রাসুল, সাহাবা এবং অগণিত মুমিনের অন্তরকে আন্দোলিত করেছে। যেখানে মানুষ তার পরিচয়, অহংকার, ভেদাভেদ—সবকিছু পেছনে ফেলে এক সাদা কাফনের মতো পবিত্র ইহরামের পোশাকে তার রবের সামনে দাঁড়ায়।
তাই এ সফরের মূলভিত্তিই হলো তাকওয়া তথা আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদের জন্য সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি দান করবেন, তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ মহান অনুগ্রহশীল।’ (সুরা : আনফাল, আয়াত : ২৯)
কাবা পৃথিবীর বুকে এমন এক পবিত্র স্থান, যার জন্য মানুষের হৃদয় ব্যাকুল হয়ে থাকে, আত্মা আকুল আকাঙ্ক্ষায় ভরে যায় এবং হৃদয়ে আবেগের ঝড় উঠে।

সেই মহিমান্বিত স্থানে পৌঁছানোর জন্য মানুষ দীর্ঘ পথ পাড়ি দেয়, অর্থ ব্যয় করে, এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসে। সেখানে ধনী-গরীব, শক্তিশালী-দুর্বল—কোনো ভেদাভেদ নেই; সকলেই সমান, সকলেই এক মহান রবের সামনে বিনীত দাস। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিন; তারা আপনার কাছে আসবে পদব্রজে এবং ক্ষীণকায় উটের পিঠে চড়ে, প্রত্যেক দূর-দূরান্তের পথ অতিক্রম করে। যাতে তারা নিজেদের জন্য কল্যাণ প্রত্যক্ষ করতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাদের যে পশু দান করেছেন, তার উপর তাঁর নাম স্মরণ করতে পারে।
অতঃপর তা থেকে নিজেরাও খাও এবং অভাবী-দরিদ্রদেরও খাওয়াও।’(সুরা : হাজ, আয়াত : ২৭-২৮)
হজের ফজিলতও অপরিসীম। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান।’ আবার জিজ্ঞাসা করা হলো, ‘এরপর কী?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে জিহাদ।’ পুনরায় জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘মকবুল হজ।
’ (সহিহ মুসলিম, হাদিস নং : ৮৩)
অন্য হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত সময়ের গুনাহসমূহ মাফ হয়ে যায়, আর মাকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৭৭৩)
হজ ও উমরাহ শুধু ইবাদতই নয়, এটি দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই এক মহা লাভজনক বিনিয়োগ। ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা পরপর হজ ও উমরাহ আদায় করো, কারণ এগুলো দারিদ্র্য ও গুনাহ দূর করে, যেমন হাপর লোহা থেকে ময়লা দূর করে।’ (তিরমিজি, হাদিস নং : ৮১০)
হজের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো- হজ শয়তানের চক্রান্তকে দুর্বল করে দেয়। তাই যে ব্যক্তি হজ পালন করে এবং তা সকল নিষিদ্ধ বিষয়সমূহ থেকে নিজেকে মুক্ত রাখে, তার জীবন হয়ে ওঠে বরকতময়। তার চরিত্র, আচার-আচরণ ও জীবনযাত্রায় স্পষ্ট পরিবর্তন লক্ষ করা যায়। এভাবে হজ আত্মার পুনর্জাগরণ করে। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন,আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি হজ পালন করে এবং তাতে অশ্লীল কথা ও পাপকর্ম থেকে বিরত থাকে, সে তার জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৫২১)
হজ এমন এক মহান ইবাদত, যার মধ্যে রয়েছে বহু ইবাদতের সমন্বয়—যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সন্তুষ্টি অর্জন করে। তাই এর মূল হলো ইখলাস তথা একনিষ্ঠতা, আর ইখলাসই সকল ইবাদতের প্রাণ। আল্লাহ তাআলা সেই আমলই কবুল করেন, যা একমাত্র তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। তাই আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ‘আর আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ করা ফরজ—যার সেখানে পৌঁছার সামর্থ্য আছে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৭)
হজের সূচনা হয় তাওহীদের মহিমান্বিত ঘোষণার মাধ্যমে, আর এর সমাপ্তিও ঘটে সেই এক আল্লাহর প্রতি একনিষ্ঠ আত্মসমর্পণের মধ্য দিয়ে। এটি এমন এক ইবাদত, যা শুরু থেকে শেষ পর্যন্ত বান্দাকে তার রবের সাথে গভীরভাবে সংযুক্ত করে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,
‘আর যখন তোমরা তোমাদের হজের বিধানসমূহ সম্পন্ন করবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে, বরং তার চেয়েও অধিকভাবে। মানুষের মধ্যে কেউ কেউ বলে, ‘হে আমাদের রব! আমাদের দুনিয়াতেই দাও।’ তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। আবার কেউ কেউ বলে, ‘হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো।’ এরাই তাদের কৃতকর্মের প্রতিফল পাবে। আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।’ (সুরা : বাকারা, আয়াত : ২০০-২০২)
এভাবেই হজ একজন মুমিনের ঈমানকে নবায়ন করে, অন্তরকে পরিশুদ্ধ করে। তাই যে হৃদয় কাবার প্রাঙ্গণে নত হয়, যে চোখ আরাফার ময়দানে অশ্রুসিক্ত হয়, সেই হৃদয় যেন আর আগের মতো না হয়ে যায়। সুতরাং, সত্যিকার হজ সেটাই, যার প্রভাব ফিরে আসার পরও জীবনে প্রতিফলিত হয়—চরিত্রে, আচরণে, ইবাদতে এবং মানুষের সাথে ব্যবহারে। আল্লাহ আমাদের সবাইকে এমন হজ করার তাওফিক দান করুন, যা আমাদের জীবনকে বদলে দেয়, গুনাহ মুছে দেয় এবং আমাদেরকে তাঁর নৈকট্যের পথে অগ্রসর করে। আমিন।









