সিল্কসিটিনিউজ ডেস্ক :
টিকিট কাউন্টারের সমানে দীর্ঘ লাইন। একটি নয়, একাধিক। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধীরে ধীরে সামনে এগোচ্ছেন। টিকিট পেয়ে হাঁফ ছাড়ছেন। তারপর স্মার্টফোন ও ট্যাবলেট কিনতে আবার সারিবদ্ধভাবে মেলায় প্রবেশ করছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া এডাটা স্মার্টফোন ও ট্যাব মেলার দ্বিতীয় দিন শুক্রবার বিকেল শুরুর দৃশ্য এটি।

শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম থাকলেও বিকেল শুরুর দিকেই তা রীতিমতো বড়সড় ভিড়ে রূপ নিয়েছে।
লাইনে দাঁড়ানো আদাবর থেকে আসা আনিয়া জামান বলছিলেন, এতো মানুষ লাইনে দাঁড়ানো দেখে অবাক আমি। তবে তারপরও ভালো লাগছে যে, মেলায় পছন্দের স্মার্টফোন কিছুটা ছাড়ে কিনতে পারবো।
শুধু আনিয়া জামান নন, টিকিট কেনার দীর্ঘ সারি দেখে দর্শনার্থীদের অনেকেই অবাক। তবে এই অবস্থা শুধু বাইরেই নয়, ভেতরেরও।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে এসেছেন অনেকেই তাদের পছন্দের ডিভাইস কিনতে।

খিলখেত থেকে আসা বশির আহমেদ বলেন, আমি একটি স্মার্টফোন কিনলাম। রেগুলার দামের চেয়ে বেশ ছাড় পেয়েছি।
প্রতিটি স্টল আর প্যাভিলিয়নে ভিড় বাড়তে থাকায় স্মার্টফোন ও ট্যাবলেটের বিক্রিও বেড়েছে বলে জানান বেশ কয়েকটি স্টলের বিক্রেতারা।
এদের কয়েকজন জানান, দর্শনার্থীর পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বিক্রিও বাড়ছে। আশা করছি শেষ বিকেল, সন্ধ্যা এমনিকি শনিবারও দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।
সময় যত গড়াচ্ছে, মেলার দর্শনার্থী আনাগোনার দৃশ্যপটও ততই বদলে যাচ্ছে। সন্ধ্যা নাগাদ ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : টেকশহর









