সিল্কসিটিনিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষ সিএনজি-চালিত অটোরিকশায় উঠে ঘটনাটি ঘটিয়েছে। এর সঙ্গে অটোরিকশাচালকও জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শুভ কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী।
শুভ পোদ্দার জানান, তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে স্বর্ণকারের দোকানে তিনি ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক ও বাকি ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থেকে চলে আসেন।
ঘটনার সময় অপরিচিত অটোরিকশাযোগে তিনি জেলা শহর থেকে হাজিরহাটের উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে যাত্রীবেশে অপরিচিত একজন মহিলা ও পুরুষও ওঠেন। পিয়ারাপুর এলাকায় পৌঁছলে অপরিচিত নারী-পুরুষ তার মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তার সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর।
তবে তার পকেটে থাকা স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেকটি নেয়নি দুর্বৃত্তরা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার জানান, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এমন ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।
ঘটনার তদন্ত চলছে। এ নিয়ে পুলিশ কাজ করছে।’










