সদ্য প্রকাশিত
রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

​বিজ্ঞপ্তিটি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বরাবর পাঠানো হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

​উক্ত চিঠির অনুলিপি অবগতির জন্য বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল এবং সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু ও নজরুল ইসলাম আজাদকেও প্রদান করা হয়েছে। তবে কমিটি স্থগিত করার সুনির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে এই কমিটিকে স্থগিত করা হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দায়িত্ব পালন করবে। কেন্দ্র থেকে আমাকে মোবাইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে পরবর্তীতে লিখিত আকারে পাঠানো হয়েছে।’