বিজ্ঞান ও প্রযুক্তি

স্পুফিং ঠেকাতে আইপিভি ৬ এর অপেক্ষা

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কারও নাম্বার কপি করে করা কল বা স্পুফিং ঠেকাতে ও অপরাধীদের ধরতে ইন্টারনেট প্রটোকল ভার্সন (আইপিভি) ৬ বাস্তবায়নের অপেক্ষা করছে বিটিআরসি।

আপাতত মানুষকে সচেতন করার কাজটি করবে বিটিআরসি। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিটিআরসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

স্পুফিং এর মাধ্যমে কারও যদি কোনো কল আসে তাহলে যে নম্বর থেকে কল আসে সে নম্বরে পুনরায় কলব্যাক করে নাম্বার যাচাই করে নেয়ার বিষয়ে জনসাধারণকে জানাবে বিটিআরসি।

কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

সভায় স্পুফিং এর বিষয় আলোচনায় বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আইভিপি ৬ ব্যবহার শুরু হলে এটি সনাক্ত করা সম্ভব হবে। তখন এ বিষয়ে ব্যবস্থা নেয়া যাবে।

দেশে বেশির ভাগ ক্ষেত্রেই এখন ইন্টারনেট প্রটোকলের আইপিভি ফোর ভার্সন ব্যবহার করা হয়। এর সীমাবদ্ধতার কারণে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর একটি বড় অংশ কোনো আসল আইপি ব্যবহার করেন না। তাদেরকে একটি আসল আইপি থেকে অনেকগুলো প্রাইভেট আইপি তৈরি করে দেওয়া হয়। এতে দেশের ভেতরে রিয়েল আইপি পর্যন্ত ট্র্যাক করা যায় কিন্তু  প্রাইভেট পর্যন্ত যাওয়া যায় না।

এর আগে স্পুফিং নিয়ে কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম জানান, এখন সমস্যাগুলোর মধ্যে অন্যতম স্পুফিং’ বা ‘মাস্কিং পদ্ধতিতে সংঘটিত হওয়া কিছু অপরাধ।

একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে অন্যের নম্বর নকল হয়ে আসা ‘স্পুফিং’ বা ‘মাস্কিং’ কল করলে সেটি বায়োমেট্রিক ভেরিফায়েড সিম কিনা-তা বুঝতে স্পুফিং নম্বরে সঙ্গে সঙ্গে কল করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলভিত্তিক অপরাধ কমলেও ইদানিং নতুন এই ধরনের সমস্যা তৈরি হয়েছে জানিয়ে তারানা হালিম তখন বলেন, গ্রাহকরা বিভ্রান্তিতে ভুগছেন। বায়োমেট্রিকের পর বিভিন্ন নম্বর থেকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বিষয়টি হচ্ছে-‘স্পুফিং’ বা ‘কল মাস্কিং’। ‘স্পুফিং’ বা ‘মাস্কিং’র সঙ্গে বায়োমেট্রিক ভেরিফিকেশনের কোনো সম্পর্ক নেই, এটি দৃঢ়ভাবে বলতে চাই। এটি কম্পিউটারে জেনারেট করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এর সমাধান হচ্ছে, যিনি এ ধরনের কোনো কল পাবেন, সেই নম্বরে কল করে আসলে কলটি স্পুফিং না বায়োমেট্রিক ভেরিফাইড করা সিম থেকে এসেছে, তা জানা যাবে।

আমরা অনুরোধ করবো, কোনো চাঁদাবাজি বা টাকা লেনদেন বা টাকা কেটে নেবো, পিন কোড দেন-এ ধরনের কোনো কল পেলে তিনি যদি ওই নম্বরটিতে আবার ফোন করেন তাহলে যিনি অন্যপ্রান্ত থেকে ফোন ধরবেন তিনি বায়োমেট্রিক সিমের মালিক, মাঝের ঘটনাটি ঘটিয়েছেন যারা ওই নম্বরটি নিয়ে স্পুফিং করেছেন বলেও জানান তিনি।

স্পুফিংয়ের নতুন এই সমস্যাটিকে গুরুত্ব দিয়ে বিটিআরসি’র সঙ্গে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তারানা হালিম।

 

সূত্র : টেকশহর