সিল্কসিটিনিউজ ডেস্ক: রবিবার রাত সাড়ে ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে, পুলিশি তল্লাশি নিয়ে আইনগত কি পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে পরামর্শ করবেন খালেদা জিয়া।
বৈঠকে অংশ নেওয়ার একজন সদস্য জানান, ‘এ সপ্তাহেই প্রতিবাদ সভা করা হবে।’ বৈঠকের বিষয়ে আরেক সদস্য জানান, ‘স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’ তিনি আরও জানান, ‘পুলিশি তল্লাশির প্রতিবাদে স্মারক লিপি দেওয়া হবে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। সূত্র: কালের কণ্ঠ











