ছবিঘর

স্টেজ থেকে নামতে চেয়েও পারিনি

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২৫৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আজ গানের পাখি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন। বিশেষ এই দিনে তিনি কী করছেন, গান নিয়ে পরিকল্পনা ও বিদেশ ট্যুরসহ নানা বিষয়ে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিল্পীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা।

ধন্যবাদ।

আজকের দিনে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

না। অন্য দিনগুলোর মতোই আজকের দিনটাও সাধারণভাবে কাটবে। গতকাল চ্যানেল আইতে গিয়েছিলাম শুটিং করতে।

অনুষ্ঠানটি আজ প্রচারিত হবে। আরো কয়েক জায়গায় আমন্ত্রণ ছিল। সবাইকে না করেছি। এখন তো ঘটা করে জন্মদিন পালন করার সময় নয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৭ সেপ্টেম্বর আপনার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করছে। সেদিন তো একক সংগীত পরিবেশনও করবেন…

হ্যাঁ। প্রস্তুতিও নিয়েছি। শিল্পকলা আমাকে সেদিন বিশেষ সম্মাননা দেবে। অনেক গুণীজন উপস্থিত থাকবেন।

বলতে পারেন বিশেষ দিনটির অপেক্ষায় আছি।
আপনাকে নিয়ে শাইখ সিরাজ তথ্যচিত্র নির্মাণ করেছেন। দেখেছেন নিশ্চয়ই?

পুরোটা তো দেখতে পারিনি, তবে ২০ মিনিটের মতো দেখেছি। শাইখ সিরাজ যেটা করেছেন সত্যিই আমি অভিভূত। তাঁর প্রতি কৃতজ্ঞ। তথ্যচিত্রটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৮ মিনিট। কোনো শিল্পীকে নিয়ে এমন বিস্তারিত তথ্যচিত্র আছে বলে মনে হয় না। কখনো আমার বাসায়, কখনো চ্যানেল আই স্টুডিও, আবার কখনো আউটডোরে শুটিং করেছেন তিনি। খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য বের করেছেন। এমনও হয়েছে, কিছু কিছু ঘটনা আমি ভুলে গিয়েছিলাম। তার সঙ্গে কথার পিঠে কথা হওয়ায় মনে পড়েছে। সেই ছোটবেলা থেকে গানে আসা, সাবিনা ইয়াসমিন হয়ে ওঠা—সবটাই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন শাইখ সিরাজ। তার পরও সেদিন বললেন আরো কিছু জিনিস যোগ করার কথা। আমি বললাম, থাক। এমনিতে প্রায় তিন ঘণ্টা দৈর্ঘ্য হয়েছে। আর বাড়ানো উচিত হবে না। আসলে গানে আমি প্রায় সাত দশক ধরে আছি। দীর্ঘ এই সময়ে কম ঘটনা তো চোখে দেখিনি। সবটা বললে তো তিন-চার ঘণ্টা কিছুই না। তথ্যচিত্রটি কাল দুপুর ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আইতে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।

এবারের কানাডা সফর কেমন ছিল?

সে কি আর বলতে! টানা এক ঘণ্টা ৪০ মিনিট গান গেয়েছি। এরপর স্টেজ থেকে নামতে চেয়েও পারিনি। শ্রোতাদের অনুরোধে আবার গাইতে হয়েছে। আগেও অনেকবার কানাডায় গেয়েছি। তবে এবার যেন শ্রোতারা একটু বেশিই ভালোবাসা দিয়েছে। যার কারণে এতক্ষণ গাইলেও সমস্যা হয়নি।

এর মধ্যে আর কোনো বিদেশ ট্যুর আছে?

হ্যাঁ। ১২ অক্টোবর লন্ডনে যাব। ‘বাংলা বইমেলা’ নামে একটা মেলা হবে সেখানে। সেই মেলাতে গাইব। এবারের লন্ডন সফর ১০ দিনের।

নতুন কোনো গানে কণ্ঠ দিয়েছেন?

এর মধ্যে গাইনি। একক অনুষ্ঠানগুলো নিয়েই ব্যস্ত সময় কাটছে।

শেষ প্রশ্ন, এখন শরীর কেমন?

আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমার জন্য যাঁরা দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ।