সিল্কসিটিনিউজ ডেস্ক:
লেবার পার্টির নেতৃত্ব সংকটের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। লেবার পার্টির নেতৃত্ব নিয়ে তীব্র জল্পনা-কল্পনার মধ্যেই বুধবার সকালে ওয়েস স্ট্রিটিং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তাদের এই বৈঠক হয়।
প্রায় ১৬ মিনিট পর তিনি কোনো মন্তব্য না করেই সেখান থেকে বেরিয়ে যান।
স্ট্রিটিংয়ের মিত্ররা বৈঠকটিকে এমন একটি সুযোগ হিসেবে তুলে ধরেছেন, যেখানে তিনি স্টারমারের নেতৃত্ব নিয়ে নিজের উদ্বেগ খোলামেলাভাবে প্রকাশ করতে পেরেছেন।

তবে ডাউনিং স্ট্রিটের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করেছে, স্ট্রিটিং নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় নামার গুঞ্জনকে আপাতত কমিয়ে দেখানোর চেষ্টা করছেন। ফলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব সংকট আরও গভীর হয়েছে।
স্ট্রিটিংয়ের ঘনিষ্ঠ মিত্ররা জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার পদত্যাগ করে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় নামার পরিকল্পনা করছেন।
তবে ডাউনিং স্ট্রিটের সূত্রগুলো বলছে, আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের লড়াই শুরু করতে প্রয়োজনীয় ৮১ জন এমপির সমর্থন এখনো তার হাতে নেই।
স্ট্রিটিং-ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছে, ‘কেউই শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত সংখ্যা পায় না। এমপিরা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকাশ্যে সমর্থন দেন না।
’
তবে ওয়েস মনে করছেন, তার প্রয়োজনীয় সমর্থন রয়েছে।
স্ট্রিটিংয়ের ঘনিষ্ঠ এক এমপি জানান, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিভিন্ন এমপির সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।
আরো দুই এমপি দাবি করেছেন, মঙ্গলবার রাতে স্ট্রিটিংয়ের ঘনিষ্ঠরা তাদের ফোন করে বলেছেন, ‘তিনি মাঠে নামছেন।’
তবে স্ট্রিটিংয়ের পর্যাপ্ত সমর্থন আছে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বুধবার সকালে তিনি ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।
যদিও তার মুখপাত্র জানিয়েছেন, কিংস স্পিচ থেকে মনোযোগ সরাতে না চাওয়ায় তিনি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবেন না।
অন্যদিকে স্টারমারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত স্টারমার। একই সঙ্গে তিনি মনে করেন স্ট্রিটিং দলের ভেতরে যথেষ্ট সমর্থন পাবেন না।
স্টারমারের এক মন্ত্রিসভা-ঘনিষ্ঠ মিত্র গার্ডিয়ানকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তাকে ছুড়ে ফেলতাম, কিন্তু সৌভাগ্যবশত স্টারমার শান্ত ও ধৈর্যশীল ব্যক্তি।’
এর আগে মঙ্গলবার পদত্যাগ করা সাবেক মন্ত্রী জুবির আহমেদ আবারো স্টারমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব অপরিবর্তনীয়ভাবে ক্ষয়ে গেছে এবং দলীয় এমপিদের মধ্যে তার নেতৃত্ব নিয়ে আস্থা দ্রুত কমে যাচ্ছে।










