জাতীয়

স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, প্রধান শিক্ষককে শোকজ

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিরোজপুরের নেছারাবাদে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, নৌকাবাইচ উপলক্ষে অতিথিদের বসার ব্যবস্থা করতে বিদ্যালয় খোলা হয়। এ সময় শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে লাইব্রেরিতে রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যান তিন যুবক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আশা জানান, স্থানীয় তিন যুবক দুধগুলো নিয়ে যান বলে তারা জানতে পেরেছেন। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে অভিযুক্ত মো. নাদিম মাহমুদ ও তার দুই সহযোগী ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়ে গেছেন।

 

তবে অভিযুক্ত নাদিমের দাবি, তারা তিন বন্ধু মিলে মাত্র তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছেন। দুধগুলো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল, তা তারা জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে গিয়ে ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়েছি।

এর আগে গত শুক্রবার উপজেলার ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।