সিল্কসিটিনিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর প্রায় ৭ লাখ ৫৬ হাজার সন্দেহভাজন কিশোর-কিশোরীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, আইন মেনে চলার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এর আগে জানুয়ারি পর্যন্ত কম্পানিটি ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম ও ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরানোর তথ্য দিয়েছিল।
বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয় গত ১০ ডিসেম্বর।
শিশু ও কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব কমাতেই এ আইন চালু করা হয়।
যদিও মেটাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু থেকেই আইনের বিরোধিতা করে আসছে, এখন তারা আইন মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সময়ে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ করেছে, কয়েকটি প্ল্যাটফর্ম আইন বাস্তবায়নে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তবে মেটার দেওয়া তথ্যের বিপরীতে সরকারি পরিসংখ্যান ও স্বাধীন গবেষণায় দেখা গেছে, আইন কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সী ১০ জনের মধ্যে ৮ জনের বেশি কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছে।
অস্ট্রেলিয়া সরকারের অভিযোগ, কিছু প্ল্যাটফর্ম ইচ্ছাকৃতভাবে আইন বাস্তবায়নকে ব্যাহত করার মতো পরিস্থিতি তৈরি করেছে। তাই আইন লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তের জন্য নিয়ন্ত্রক সংস্থাকে আরো বেশি ক্ষমতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
শুক্রবার এ বিষয়ে পার্লামেন্টারি শুনানিতে মেটা, টিকটক, গুগলের ইউটিউব ও স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তা এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরাও সাক্ষ্য দেবেন।
মেটা এক বিবৃতিতে বলেছে, ‘আইন প্রয়োগের কার্যক্রম চলমান রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে অপসারণ করা অ্যাকাউন্টের সংখ্যা আরও বাড়বে।’
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়া সরকারের লক্ষ্য অনুযায়ী কিশোরদের জন্য নিরাপদ ও বয়স-উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করতে তারা কাজ করছে।
অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী শনাক্ত করতে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। এ প্রযুক্তি ব্যবহারকারীর প্রোফাইলে থাকা বিভিন্ন তথ্য, যেমন জন্মদিন উদ্যাপনের ছবি বা স্কুলের শ্রেণি সম্পর্কিত ইঙ্গিত বিশ্লেষণ করে বয়স অনুমান করে। পাশাপাশি সন্দেহভাজন কম বয়সী ব্যবহারকারীদের বিষয়ে অন্যদের করা রিপোর্টও যাচাই করা হয়।
মেটা আরও জানিয়েছে, বয়সজনিত কারণে কোনো অ্যাকাউন্ট মুছে ফেলা হলে একই ব্যক্তি যাতে বারবার নতুন অ্যাকাউন্ট খুলতে না পারেন, সে ব্যবস্থাও চালু করা হয়েছে।










