সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্ত এলাকার নদ-নদীতে পানি বেড়েছে। মহারশি নদীর তীর উপচে পড়া পানিতে জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজার প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমেশ্বরী নদীতে পানি বেড়ে যাওয়ায় তা ঢুকে পড়েছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে। এতে দুর্ভোগে পড়েছে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ঢলের তোড়ে নালিতাবাড়ীতে চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।
শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টা পর্যন্ত ১২ ঘণ্টায় জেলার নালিতাবাড়ীতে ৩৫ মিলিমিটার, সীমান্তবর্তী নাকুগাঁও পয়েন্টে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার এবং শেরপুর সদরে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসময় চেল্লাখালি নদী নালিতাবাড়ীর বাতকুচি পয়েন্টে বিপৎসীমার দুই মিটার ওপর দিয়ে ২৩ দশমিক ৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।
একই সময় ঝিনাইগাতীতে মহারশি নদীতে পানি ২১ দশমিক ৫০ মিটার এবং শ্রীবরদীতে সোমেশ্বরী নদীতে ২৩ দশমিক ৬৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।
শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোসা. জিয়াসমীন খাতুন রুনা বলেন, ‘উজান থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নদ-নদীগুলোতে পানি বেড়েছে। আমরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।
নতৃন করে বৃষ্টিপাত না হলে ঢলের পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছি।’









