সিল্কসিটিনিউজ ডেস্ক:
আলোচিত হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের মামলার আসামি সোনালী ব্যাংকের এজিএম এজাজ আহমেদের ৬ মামলার জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান।

মো. খুরশীদ আলম খান বলেন, এজাজ আহম্মেদকে ৬ মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে ২ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসর্মপণের নির্দেশ দেন। জানা যায়, ২০১৪ সালে সহযোগী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ১৪ মামলার চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে এজাজ আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পান।









