সিল্কসিটিনিউজ ডেস্ক:
রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ যোগ দিলে তা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে; মিয়ানমারের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দেওয়া এই ‘হুমকি’র পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির উদ্দেশে এই মন্তব্য করেন নাজিব। যে সমাবেশে যোগ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হবে বলে দাবি করছিলো মিয়ানমার, সেই সমাবেশের বক্তৃতাতেই নাজিব ওই মন্তব্য করেন।
উল্লেখ্য, জাতিসংঘ এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে। তাদের বিরেুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ তোলা হয়। এবারের সংঘর্ষে রাখাইন রাজ্যের মৃতের সংখ্যা ৮৬ জন বলে জানিয়েছে তারা। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত ঘরহারা হয়েছেন ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মরতে হচ্ছে তাদের।
মিয়ানমার দাবি করেছে, আসিয়ানের গঠনতন্ত্র অনুযায়ী জোটের দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। সেই জায়গা থেকেই নাজিবের সমাবেশে যোগ দেওয়া অভ্যন্তরীণ হস্তক্ষেপের সামিল বিবেচনা করতে চায় মিয়ানমার। ওই দাবির বিপরীতে নাজিব বলেন, ‘আসিয়ান মৌলিক মানবাধিকার রক্ষার পক্ষে। জোটটির গঠনতন্ত্র আংশিকভাবে পড়বেন না।’

এ প্রসঙ্গে নাজিব বলেন, ‘তারা কেবল (আসিয়ানের গঠনতন্ত্রের) একটা আর্টিকেলের কথা বলছেন। সেখানে আরও আর্টিকেল আছে। তারা কি শুধু একটা আর্টিকেলই পড়েছেন? তাহলে মানবাধিকার সম্পর্কিত আর্টিকেলের কী হবে?’ তিনি বলেন, ‘আমি অং সান সু চিকে বলতে চাই, অনেক হয়েছে! দুইদিন আগে মিয়ানমার সরকার আমার নামে একটি বিজ্ঞপ্তি জারি করে, সেখানে বলা হয়, আমি যদি এই সমাবেশে অংশগ্রহণ করি, তাহলে নাকি একে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করা হবে।’ সমাবেশে নাজিব বলেন, ‘তারা আমাকে হুমকি দিয়েছে, কিন্তু আমি তার পরোয়া করি না। কারণ আমি মালয়েশীয় জনগণের প্রতিনিধি হিসেবে তাদের পাশেই আছি।’
তিনি আরও বলেন, ‘তিন কোটি ১০ লাখ মানুষের সরকার প্রধান হিসেবে তারা আমার কাছ থেকে কি আশা করেন? আমি কি চোখ বুজে থাকব? মুখ বন্ধ রাখব? আমি তা করব না। আমাদেরকে অবশ্যই তাদের (রোহিঙ্গা) রক্ষা করতে হবে। কেবল এজন্য নয় যে, তারা একই ধর্মে বিশ্বাসী। বরং এজন্য যে, তারা মানুষ, তাদের জীবনেরও মূল্য রয়েছে।’
নাজিব জানান, তিনি রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইডোডোকেও সোচার হওয়ার আহ্বান জানাবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু হলো ইসলামের অপমান। আমাদের ধৈর্য্যকে চ্যালেঞ্জ করা হয়েছে।’
এর আগে নাজিব অভিযোগ করেন, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নির্মূলীকরণ’ চালাচ্ছে। তিনি এ বিষয়ে মিয়ানমারের নেতা সু চির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু নাজিবের আহ্বানে সু চি সাড়া দেননি। নাজিব তার বক্তব্যে শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মিয়ানমারের নেতা অং সান সু চিকেও প্রশ্নবিদ্ধ করেন।
রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপন্নতায় যে দেশগুলো সবচেয়ে সোচ্চার হয়েছে মালয়েশিয়া তাদের অন্যতম। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তার জন্য রোহিঙ্গা সোসাইটি ইন মালয়েশিয়া নামের এক সোসাইটি গঠন করেছে মালয়েশিয়া সরকার। আরাকান প্রদেশে রোহিঙ্গাদের নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের কাছে মালয়েশিয়া উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছে। জাতিসংঘের ধারাবাহিকতায় মিয়ানমারে সে দেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জাতিগত নির্মূল প্রক্রিয়া চলমান রেখেছে বলে অভিযোগ করেছে মালয়েশিয়া। দেশটির একজন মন্ত্রী মিয়ানমারের আসিয়ান সদস্যপদ বাতিলেরও আবেদন জানিয়েছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










