লাইফ স্টাইল

সুস্মিতা সেনের জন্মদিনে ‘বয়ফ্রেন্ডের’ চমক, উষ্ণ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কয়েকদিন আগেই প্রাক্তন বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন ঘুরিয়ে অস্বীকার করেছেন তাঁর সঙ্গে রোহমান শল-এর বিয়ের কথা। কিন্তু সেই ‘বয়ফ্রেন্ড’ রোহমানই একটি উষ্ণ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সুস্মিতার জন্মদিনে।

সেই ফোটোতে দেখা যাচ্ছে সুস্মিতা ঝুঁকে রোহমানের বুকে মাথা দিয়ে রয়েছেন। মুখ ঢেকে রয়েছে খোলা চুলে। আর সুস্মিতার মাথায় চুমু এঁকে দিচ্ছেন রোহমান।

এই ছবি পোস্ট করেই রোহমান লিখেছেন, ‘‘দেখুন কার জন্মদিন। হ্যাপি বার্থডে মাই জান। আমি জানি আমি কম কথার মানুষ। তাই শব্দ বেছে নিয়েই লিখছি। এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। খুব আনন্দ কর। একটি ভাল বছর কাটাও তুমি। সামনে দারুণ দিন আসছে।’’

একই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আই লাভ ইউ ফর এভার।’’ এই লাইন ও সুস্মিতাকে ‘আমার জান’ বলে সম্বোধন করেই জল্পনা উসকে দিয়েছেন রোহমান।

৪৩ বছর বয়সি সুস্মিতা অবশ্য এই বিশেষ দিন তাঁর মা শুভ্রা সেন ও দুই মেয়ে রেনি ও আলিসার সঙ্গে কাটাতে দুবাই রওনা হয়েছেন কয়েক দিন আগেই।

গত সপ্তাহের রোহমানের তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সুস্মিতা। তাতে দেখা যাচ্ছে, সুস্মিতা কোনও প্রার্থনা করছেন।

তবে তাঁর সঙ্গে রোহমানের বিয়ের কথা উঠতেই তিনি একটি পোস্টে লিখেছিলেন, ‘‘যখন সারা পৃথিবী জল্পনায় মত্ত, আমি (জিমে) ট্রেনিং করছি। যদি এই (জিমের) রিং ও সঙ্কল্পের কথা হয়, আমি রাজি রয়েছি। অন্য সব জল্পনা চুলোয় যাক। আমি বিয়ে করছি না।’’

বিয়ের কথা অস্বীকার করলেও রোহমানের সঙ্গে ‘রোমান্সের’ কথা অবশ্য এড়িয়ে যাননি সুস্মিতা। জন্মদিনে রোহমানের নতুন পোস্ট অবশ্য নতুন জল্পনার জন্ম দিল।