সিল্কসিটিনিউজ ডেস্ক :
মিশরের রাজপথ এক সময় প্রকম্পিত হয়েছিল ‘রুটি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচারের’ দাবিতে। ২০১১ সালের সেই উত্তাল দিনগুলোতে হোসনি মুবারকের পতনের মধ্য দিয়ে সাধারণ মানুষ যে নতুন ভোরের স্বপ্ন দেখেছিল, আজ দেড় দশক পর তা কেবলই এক ধূসর স্মৃতি। প্রখ্যাত মিশরীয় লেখক ও গবেষক হোসাম এল-হামালাউয়ি তার নতুন বই ‘কাউন্টাররেভল্যুশন ইন ইজিপ্ট: সিসিস নিউ রিপাবলিক’-এ তুলে ধরেছেন কীভাবে একটি গণবিপ্লবকে সুকৌশলে স্তব্ধ করে দিয়ে সেখানে আরও ভয়াবহ এক একনায়কতন্ত্রের উদয় হয়েছে। তার মতে, বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির শাসন কেবল পুরনো মুবারক আমলের প্রত্যাবর্তন নয় বরং এটি তার চেয়েও অনেক বেশি সংগঠিত, কেন্দ্রীয় এবং সহিংস এক নতুন ব্যবস্থা।
হামালাউয়ি নিজে এই ব্যবস্থার নিষ্ঠুরতার সাক্ষী, কারণ গবেষণার পাশাপাশি তাকে ব্যক্তিগতভাবেও রাষ্ট্রীয় নিগ্রহ, কারাবরণ এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। তার ভাষ্যমতে, মিশরের এই প্রতিবিপ্লব সফল হওয়ার পেছনে কেবল বিপ্লবীদের ভুল বা রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতা দায়ী নয়। বরং এর মূল কারণ ছিল মিশরের রাষ্ট্রীয় দমনপীড়ন যন্ত্রের টিকে থাকা এবং তাদের নিজেদের মধ্যে পুনর্গঠিত হওয়া। সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো মুবারকের পতনের পর সাময়িকভাবে পিছু হটলেও তারা খুব দ্রুত নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে একতাবদ্ধ হয়ে পাল্টা আঘাত হানে।

মুবারক আমলে মিশরের শাসন ব্যবস্থা পরিচালিত হতো বিভিন্ন নিরাপত্তা সংস্থার পারস্পরিক রেষারেষির মাধ্যমে। মুবারক ভয় পেতেন সেনাবাহিনী হয়তো তাকে ক্ষমতাচ্যুত করবে, তাই তিনি পুলিশের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। সেই সময়ে পুলিশ ছিল দমনের প্রধান হাতিয়ার, যারা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু ২০১১ সালের বিপ্লবে যখন সেই দাপুটে পুলিশ বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখনই মূলত সেনাবাহিনী দৃশ্যপটে আবির্ভূত হয়। তারা বিপ্লবকে রক্ষা করতে নয় বরং ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে রাজপথে নেমেছিল।
তাহরির স্কয়ারের সেই ঐতিহাসিক দিনগুলোতে সেনাবাহিনীর অবস্থান নিয়ে যে এক ধরনের রোমান্টিক ধারণা প্রচলিত আছে, হামালাউয়ি তাকে কঠোরভাবে নাকচ করে দিয়েছেন। তিনি মনে করেন, সেনাবাহিনী কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। তারা কেবল পরিস্থিতির চাপে পড়ে মুবারককে বিসর্জন দিয়েছিল যাতে পুরো ব্যবস্থাটি ধসে না যায়। এরপর তারা অন্তর্বর্তীকালীন শাসনের নামে অত্যন্ত পরিকল্পিতভাবে বিপ্লবের শক্তিগুলোকে বিভক্ত ও পরিশ্রান্ত করে ফেলে। তাদের মূল লক্ষ্য ছিল পুরনো ব্যবস্থার আমূল সংস্কার রোধ করে একটি অনুগত রাজনৈতিক পরিবেশ তৈরি করা।
পরবর্তীতে মোহাম্মদ মুরসি এবং মুসলিম ব্রাদারহুডের ক্ষমতায় আরোহণ এই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করে। ব্রাদারহুড মনে করেছিল যে ব্যালট বাক্সের জয়ই তাদের প্রকৃত ক্ষমতা এনে দিয়েছে কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছিল যে রাষ্ট্রের আসল নিয়ন্ত্রণ তখনও রয়ে গেছে নিরাপত্তা বাহিনীর হাতে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আপস করার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই তাদের বিশেষ সুবিধা ছাড়তে রাজি ছিল না। ফলে ২০১৩ সালের জুন মাসে যখন মুরসি বিরোধী বিক্ষোভ শুরু হয়, তখন সেনাবাহিনী সেই সুযোগকে কাজে লাগিয়ে চূড়ান্ত আঘাত হানার ক্ষেত্র প্রস্তুত করে ফেলে।
২০১৩ সালের ক্যুর পর সিসির উত্থান মিশরের শাসন কাঠামোতে এক আমূল পরিবর্তন নিয়ে আসে। সিসি বুঝতে পেরেছিলেন যে কেবল রেষারেষি দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়, তাই তিনি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে একটি একক কমান্ডের অধীনে নিয়ে আসেন। ২০১১ সালের পুনরাবৃত্তি রোধ করতে তারা সমাজকে এতটাই শ্বাসরুদ্ধকর অবস্থায় নিয়ে গেছে যেখানে কোনো ধরনের ভিন্নমতের সুযোগ নেই। এখন আর সেনাবাহিনী কেবল শাসনের নেপথ্যে নেই, বরং তারা বেসামরিক প্রশাসনের প্রতিটি স্তরে এবং দেশের অর্থনীতিতে সরাসরি গেঁড়ে বসেছে।
এই ‘নতুন প্রজাতন্ত্র’ বা সেকেন্ড রিপাবলিকের কোনো সামাজিক চুক্তি নেই। এটি জনগণের কাছে কোনো কল্যাণমূলক রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয় না বরং ভয়ের সংস্কৃতির ওপর ভিত্তি করে টিকে আছে। মিশরের নগর পরিকল্পনা থেকে শুরু করে নতুন প্রশাসনিক রাজধানী তৈরি, সবকিছুর পেছনেই রয়েছে নজরদারি এবং নিয়ন্ত্রণের মানসিকতা। গণজমায়েত রুখতে সাধারণ মানুষের চলাচলের জায়গাগুলোকেও এমনভাবে পুনর্গঠিত করা হয়েছে যেন সেখানে কোনো গণবিক্ষোভ দানা বাঁধতে না পারে।
সর্বোপরি, হামালাউয়ি সতর্ক করেছেন যে সিসির এই ব্যবস্থাটি শক্তিশালী কারণ তারা ২০১১ সালের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে। তারা এখন অনেক বেশি সংঘবদ্ধ এবং যে কোনো ছোটখাটো প্রতিরোধকেও তারা রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য হুমকি মনে করে গুঁড়িয়ে দিতে প্রস্তুত। মিশরের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে কেবল রাজনৈতিক রদবদল দেখলে চলবে না, বরং দেখতে হবে কীভাবে রাষ্ট্রের দমনমূলক প্রতিষ্ঠানগুলো নিজেদের আমূল বদলে ফেলে একটি অপরাজেয় রূপ ধারণ করেছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন










