সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিলেটে র্যাবের হাতে বিপুল জাল নোটসহ ধরা পড়লেন জালিয়াত চক্রের ৪ সদস্য। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার (১৩ মে) র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৯) সিলেট সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার পীরেরবাড়ির মৃত ঠাকুর চাঁদ বালার ছেলে গুরুচাঁদ বালা (৩৮), শেরপুর জেলার নালিতাবাড়ি লগারপাড়া গ্রামের মো. হাবুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার নগরপাড়া গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে মো. রাশেদ মিয়া (৩০) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হাদি বাঁশকাঠি গ্রামের আবদুল বারেক সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৩৩)।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায়, সে জাল নোটের কারবারি করে।
সে ও তার তিন সহযোগী বিগত কয়েকদিন ধরে সিলেট নগরে অবস্থান করে জাল নোট দিয়ে প্রতারণা করে আসছে।
জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য তুলে ধরে তিনি বলেন, ওই চক্রের সদস্যরা জানিয়েছে, তারা সাধারণত জনবহুল বাজার এবং ছোট ছোট দোকানকে টার্গেট করে কম মূল্যের কোন পণ্য ক্রয় করে। তারপর বড় অংকের জাল নোট প্রদান করে। দোকানদারের কাছ থেকে তারা ফেরত হিসেবে অবশিষ্ট টাকার আসল নোট গ্রহণ করে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বিশেষ করে উৎসবের সময় বা ভিড়ের সুযোগ নিয়ে তারা এই জাল নোট বাজারে ছড়িয়ে দিত। গ্রেপ্তার হওয়া ব্যক্তির তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সিলেট নগরের বন্দরবাজারস্থ লালবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের আরো তিন সদস্যকে আটক করা হয়।









