জাতীয়

সাগরে গভীর নিম্নচাপ, শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘নাডা’

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এর ফলে সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে সাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ওমান এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘নাডা’। এর ফলে এক সপ্তাহেই দুটো ঝড়ের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে।

আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। তবে এটি নিম্নচাপ থেকে দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এটি আজ শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কি.মি. পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮০০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮২০ কি. মি. দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

 

এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

আবহাওয়া অফিসের আগের বুলেটিনে জানানো হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

 

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা
বরিশাল প্রতিনিধি জানান, সাগরে ঘূর্ণিঝড় ’নাডা’র কারণে সৃষ্ট নিম্নচাপের ফলে বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
শনিবার বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমুল হুদা সরকার (মিঠু) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভ্যন্তরীণ নৌবন্দরগুলোতে আবহাওয়া অধিদফতর ২নং সতর্ক সংকেত জারি করায় বরিশাল নৌবন্দরের ৬৫ ফুটের নিচের লঞ্চ এম এল বিসমিল্লাহ্ ও এম এল লিমা-২ এর যাত্রা স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সতর্ক সংকেত ওঠা না পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
মিঠু সরকার আরও জানান, সকাল ৭টায় বরিশাল নৌ বন্দর থেকে ভোলার ভেদুরিয়ার উদ্দেশ্যে বিসমিল্লাহ্ লঞ্চটি ছেড়ে গেলেও সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গেই লঞ্চটির যাত্রা স্থগিত ঘোষণা করা হয় এবং বর্তমানে লঞ্চটি একটি ঘাটে নোঙ্গর করা রয়েছে।
তিনি জানান, এ নিষেধাজ্ঞার ফলে সকাল ৮ টা থেকে ৬৫ ফুটের চেয়ে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  পাশাপাশি আভ্যন্তরীণ রুটের অন্যান্য লঞ্চগুলোকেও বিশেষ সতর্কতা অবলম্বন করে নদীপথে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। লঞ্চ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান তিনি।
এদিকে বৃষ্টির ফলে বরিশাল নগরীর হাট-বাজার, রাস্তা-ঘাটেও যানবাহন ও মানুষজনের চলাচল ছিল নিতান্তই কম।
অপরদিকে আবহাওয়ার বিষয়ে বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ’নাডা’র কারণে সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বরিশালে বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২.০১ মিলিমিটার।
তিনি জানান, বরিশালের নদী বন্দরগুলোতে ২নং সতর্ক সংকেত এবং নিকটবর্তী পায়রা সমুদ্র বন্দরে ৩নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

 

আনিসুর রহমান আরও জানান, ঘূর্ণিঝড় ’নাডা’ পায়রা সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমাংশে অবস্থান করছে।

 

সূত্র: বাংলাট্রিবিউন