সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করায় কুমিল্লার চৌদ্দগ্রাম আল নুর হাসপাতালের ডা. খাইরুন্নাহার কেয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এ কমিটি গঠন করেন।

এতে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা খন্দকারকে সভাপতি করা হয়েছে। এ ছাড়া কমিটিতে আরো চার সদস্য রয়েছেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর চৌদ্দগ্রাম আল নুর হাসপাতালে ডা. খাইরুন্নাহার কেয়ার তত্বাবধানে উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুস্করনী গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজমা আক্তারকে স্বাভাবিক প্রসব করানোর সময় নবজাতকের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসূতির স্বজনরা চিকিৎসক কেয়ার ভুল চিকিৎসার অভিযোগ তুললে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ নিয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে ডা. খাইরুন্নাহার কেয়া তার ফেসবুক আইডিতে সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। তিনি লেখেন, ‘আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেনো ভাঙছে এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে’।
ডা. কেয়ার এমন বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, সাংবাদিকদের নিয়ে ডা. খাইরুন্নাহার কেয়ার মন্তব্যে আমরাও বিব্রত। নবজাতকের মৃত্যু বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।









