নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক দি ডেইলি স্টারের রাবি প্রতিনিধি আরাফাত রহমানকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। সোমবার রাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি তাসলিমুল আলম তৌহিদ ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ট্রাভেলসের গাড়ি ভাংচুর করছে এমন তথ্যের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালন তথা সংবাদ সংগ্রহ করতে গেলে আরাফাতকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন সেখানে চিকিৎসাধীন আছেন।
তাকে যেভাবে নির্যাতন করেছে এতে প্রমাণিত হয় দেশের সংবাদ ও মিডিয়া কর্মীরা আজ নিরাপদ নয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বরাবরই সাংবাদিকরা ক্ষমতাসীনদের হামলা, নির্যাতনের শিকার হচ্ছেন। সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো তারই বহি:প্রকাশ। অবিলম্বে সাংবাদিক আরাফাত রহমানকে মারধরের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
একই সাথে অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পজিটিভ সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
স/শ










