সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘প্রতিটি ইউনিয়নে সর্বদলীয় উন্নয়ন কমিটি গঠন করা হবে। কারণ উন্নয়ন কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়, বরং এটি পুরো এলাকার জনগণের যৌথ প্রয়াসের ফল। প্রস্তাবিত এই কমিটিগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে স্থানীয় সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেওয়া এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
’
শনিবার (৯ মে) দুপুর ১২টায় উপজেলা হল রুমে ডামুড্যায় কর্মরত সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

হুইপ অপু বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশের মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে।’
একই দিনে ডামুড্যায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা উর্মি, ফাহমিদা হক, উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ূবী, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আরেফিন, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল শিকদার, রেজাউল করিম শ্যামল বেপারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে ডামুড্যা পৌরসভা চত্বরে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানানো হয়।









