জাতীয়

সরিষাবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল দিনমজুরের ৪ গরু

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁন মিয়া ও ছমী বেগম নামের এক দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর চাঁন মিয়া ও তার স্ত্রী ছমী বেগম অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। চরাঞ্চল থেকে ঘাস কেটে এনে পরম মমতায় লালন-পালন করছিলেন ৪টি ষাঁড়। প্রতিদিনের মতো গোয়ালঘরে মশার কয়েল জ্বালানো ছিল, যার পাশেই রাখা ছিল রান্নার খড়ি।

ভোরে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও ৪টি ষাঁড় রক্ষা করা সম্ভব হয়নি।
​আগুন নেভাতে গিয়ে ছমী বেগমের হাত অগ্নিদগ্ধ হয়।

তবে নিজের শারীরিক আঘাত ও যন্ত্রণার চেয়েও কষ্টার্জিত সব হারিয়ে তিনি এখন কান্নায় ভেঙে পড়েছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, ‘পরিবারটি খুবই অসহায় ও দরিদ্র। অন্যের বাড়িতে ও দিনমজুরি করে জমানো পুঁজিতে গরুগুলো বড় করেছিলেন তারা। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি একেবারেই পথে বসে গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই অসহায় পরিবারটিকে আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া জরুরি।

’
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল কালের কণ্ঠকে জানান, বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন দিলে জেলা প্রশাসকের মাধ্যমে ওই পরিবারটিকে সহায়তা করা যাবে বলে জানান তিনি।