সিল্কসিটিনিউজ ডেস্ক: যৌনকর্মীরা সেকুলার৷ তাঁদের মধ্যে কোনও ভেদাভেদ নেই৷ আর তাই, সাম্প্রতিক পরিস্থিতিতে সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতি রক্ষার বার্তা পৌঁছে দিতে, যৌনকর্মীরা যেমন রাখি পরিয়ে দেবেন, তেমনই, তাঁদের কাস্টমারদেরও এ বার রাখি পরিয়ে দেওয়া হবে৷ সোনাগাছিতে এমনই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে এ বার৷ এবং, এই ধরনের উৎসবের আয়োজন দুর্বার মহিলা সমন্বয় কমিটির ২৫ বছরের ইতিহাসে এই প্রথম৷
পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে বলে বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশ্যে আসছে৷ সাম্প্রতিক এই ধরনের পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের অন্যতম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি উদ্বেগে রয়েছে৷ এবং, সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে যাতে সম্প্রীতি, সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকে, তার জন্য এই সংগঠন দায়ও এড়িয়ে যেতে পারছে না৷ যে কারণে, কয়েক বছর বন্ধ থাকার পর, কলকাতার অন্যতম যৌনপল্লি সোনাগাছিতে এ বার ফের রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে৷
তবে, এ বার নিছক কোনও রাখি বন্ধন উৎসবের আয়োজন নয়৷ কারণ, দুর্বার মহিলা সমন্বয় কমিটির মুখ্য উপদেষ্টা, ডাক্তার স্মরজিৎ জানার কথায়, ‘‘মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ রক্ষার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের আয়োজন করেছিলেন৷ সাম্প্রতিক পরিস্থিতিতে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে, তিন বছর পর আমরা আবার এ বার রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছি৷ আমাদের এই উৎসবে যিনি আসবেন, তাঁকে রাখি পরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই-বোনের জন্য নয়৷ রাখি বন্ধন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষার এক উৎসব৷’’

সোমবার, সাত অগস্ট রাখি বন্ধনের দিন সোনাগাছিতে যৌনকর্মীদের যে সব কাস্টমার যাবেন, তাঁদেরকেও তা হলে রাখি পরিয়ে দেওয়া হবে? ডাক্তার স্মরজিৎ জানা বলেন, ‘‘হ্যাঁ, এখানকার কাস্টমারদেরও রাখি পরিয়ে দেওয়া হবে৷’’ শুধুমাত্র তাই নয়৷ দুর্বার মহিলা সমন্বয় কমিটির মুখ্য উপদেষ্টা বলেন, ‘‘যৌনকর্মীরা সেকুলার৷ তাঁদের মধ্যে কোনও ভেদাভেদ নেই৷
সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সম্প্রতি পশ্চিমবঙ্গেও এমন বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসছে৷ আমরা এ বার যে ধরনের রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছি, তা দুর্বারের ২৫ বছরের ইতিহাসে প্রথম৷’’ এই রাখি বন্ধন উৎসবে মিষ্টিমুখের ব্যবস্থাও থাকছে৷ দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব, কাজল বোস বলেন, ‘‘আমাদের কোনও মেয়ে তাঁর নিজের কোনও কাস্টমারকে রাখি পরিয়ে দেবেন না৷ কিন্তু, অন্যরা এখানকার কাস্টমারদের রাখি পরিয়ে দিতেই পারেন৷’’
সোমবার , সাত অগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে সোনাগাছির এই রাখি বন্ধন উৎসব৷ সম্প্রীতি রক্ষার জন্য আয়োজিত এই উৎসবে পশ্চিমবঙ্গের বর্তমান এবং প্রাক্তন বিভিন্ন মন্ত্রী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট অনেক মানুষকে আমন্ত্রণ জানিয়েছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি৷ এই উৎসবে যৌনকর্মীরাও রাখি পরিয়ে দেবেন৷










