সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারত মহাসাগরের গা ঘেঁষে দাঁড়ানো গল ফোর্ট। সোয়া চারশো বছরের বেশি সময় আগে ১৫৮৮ সালে পর্তুগিজদের গড়া এই দুর্গ স্থাপত্যশৈলীর অনুপম নিদর্শন। যারও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। যা ২০০৪ সালের সুনামিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্গের কোল ঘেঁষেই আবার গল আন্তর্জাতিক স্টেডিয়াম, যা কিনা লঙ্কান ক্রিকেটেরও দুর্গ। গল ফোর্টের মতো গল স্টেডিয়ামেরও রয়েছে সুদীর্ঘ ইতিহাস।
এই দুর্গেই মঙ্গলবার শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। এমন সুন্দর চমৎকার নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এর আগেও একটি ম্যাচ খেলেছিল। বিশ্বের যতগুলো টেস্ট ভেন্যু আছে তার মধ্যে অন্যতম সুন্দর ভেন্যু শ্রীলঙ্কার এই স্টেডিয়াম। গলের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে তার দুইদিক দিয়ে বয়ে যাওয়া সমুদ্রের কারণে।

মাঠের পূর্ব ও দক্ষিণ দিকে অবস্থান ভারত মহাসাগরের। বিশ্বের অনেক স্টেডিয়াম সমুদ্রের কাছাকাছি অবস্থান করলেও গলের সৌন্দর্য ভারত মহাসাগরের নীল জলরাশি। মাঠের দক্ষিণ দিকে গল ফোর্ট শেষ হয়ে গেছে। সেখানের ফাঁকা জায়গায় দক্ষিণ-পশ্চিম কোণে সমুদ্র দেখা যায়।
গল ফোর্টের উল্টো পাশেই প্রেসবক্সের অবস্থান। স্টেডিয়ামে একটি মাত্র স্থায়ী গ্যালারি। বাকি দুটি গ্যালারি অস্থায়ী ভিত্তিতে বানানো। তবে বেশিরভাগ অংশতেই উঁচু ঢিবি বানানো। সেখানেই হাজার দুয়েক ক্রিকেট ভক্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনটি উপভোগ করছেন।
গ্র্যান্ডস্ট্যান্ড, ভিভিআইপি, ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার, প্রেস বক্স ও টিভি রেডিও ধারাভাষ্য কক্ষও মাঠের উত্তরের দিকে স্থায়ী চারতলা ভবনে।
এ স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থা অতোটা শক্তিশালী নয়। আর তাইতো বৃষ্টির শঙ্কাতে পুরো মাঠই কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। হুট হাট বৃষ্টির হাত থেকে বাঁচাতে গলের পুরো সবুজ গালিচা কভার দিয়ে ঢাকা থাকে!
২০০৪ সালে সুনামিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামের অবকাঠামো। ওই সুনামিতে শুধু প্রাণহানিই ঘটেনি, গল স্টেডিয়ামও আক্রান্ত হয় ব্যাপকভাবে। সুনামির ভয়াবহ আক্রমণ থেকে গল স্টেডিয়ামকে খেলা উপযোগী করে তুলতে দুই বছর সময় লেগে যায়।
সুনামির পর প্রায় দেড় বছর স্টেডিয়ামে কোনও হাতই দেয়া হয়নি। ১৭ মাস পর ২০০৬ সালের ৮ মে স্টেডিয়ামকে আবার আন্তর্জাতিক ক্রিকেট উপযোগী করে তোলার কাজ শুরু হয়। সুনামিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি কাটিয়ে নানা স্থাপনা পুননির্মাণ ও সংস্কার কাজ করা হয়। এর পর ২০০৭ সালে নতুন রূপে দেখা যায় গল আন্তর্জাতিক স্টেডিয়ামকে।
এই স্টেডিয়ামের সঙ্গে মিশে আছে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নামও। এখানে টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট শিকার করেছিলেন লঙ্কান এই অফস্পিনার।
প্রসঙ্গত ১৮৭৬ সালে ঘোড় দৌড়ের জন্য নির্মিত হয় এ মাঠ। আর ক্রিকেট ভেন্যু হিসেবে যাত্রা শুরু ১৯২৭ সালে। তারও অনেক পরে ১৯৪৫ সালে এই মাঠে প্রথম পিচ তৈরি হয়। সেটা ছিল ন্যাচারাল টার্ফে। আর শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেট মাঠ হিসেবে গল অন্তর্ভুক্ত হয় ১৯৮৪ সালে। এর ১৪ বছর পর ১৯৯৮ সালে গল আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা লাভ করে।
সূত্র : বাংলাট্রিবিউন










