সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে রাবিসাসের শোক

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে রাবিসাসের শোক

রাবি প্রতিনিধি:
প্রবীণ সাংবাদিক ও জাতীয় দৈনিক সমাকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। মঙ্গলবার রাবিসাসের সভাপতি ছালেকীন আহমেদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যু গণমাধ্যম জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করলো। একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে তিনি নিজ কর্মের প্রতি সদা অবিচল ছিলেন। সারা জীবন প্রগতিশীলতরা চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় লড়াই করেছেন তিনি। তার এই লড়াই আমাদেরকে আজীবন প্রেরণা দেবে। খ্যাতিমান এই সাংবাদিক তার কর্মের মাঝে বেঁচে থাকবেন।

বিবৃতিতে তারা মরহুম গোলাম সারওয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

গোলাম সারওয়ার মৃত্যুকালে স্ত্রী সালেহা সরওয়ার, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল।

গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় গতকাল সোমবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ২৫ মিনিট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স/অ