সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারির পর শুরু হবে।’

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভাপতিত্ব করেন।
এ সময় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এইচএসসির সব ফলাফল পাওয়া যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিশ্ববিদ্যালয়সমূহের যে ভর্তি কার্যক্রম, তা ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এ কার্যক্রম শুরু করেছে, তারা এই সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করবে।
তিনি বলেন, ‘এর অর্থ দাঁড়াচ্ছে আমরা সুযোগটা তৈরি করছি সম্পূরক পরীক্ষার্থীদের জন্য। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তারাসহ সব পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’









