লাইফ স্টাইল

সবজির স্যুপ ডিনারের আগে খাওয়া উচিত কেন?

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এক বাটি গরম স্যুপ শীতের সন্ধ্যায় শরীরে আরাম এনে দেওয়ার জন্য যথেষ্ট। শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি পেটও ভরায় এই স্যুপ। হালকা, হাইড্রেটিং, পুষ্টিতে ভরপুর সবজির স্যুপ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিন্তু স্যুপ খেতে হবে রাতের খাবারের আগে।

এতে কী কী সুফল মিলবে, তা জানুন আজকের প্রতিবেদনে।
পেট ভরায়

স্যুপের মধ্যে সব ধরনের সবজি থাকে। এ ছাড়া ডিম ও চিকেন দিয়েও স্যুপ বানিয়ে খাওয়া যায়। তাই স্যুপের মধ্যে ফাইবার ও প্রোটিন দুটিই পাওয়া যায়।

এক বাটি স্যুপ খেলেই পেট অর্ধেক ভরে যায়। হালকা খাবার অথচ পেট ভার করে না। ডিনারের আগে স্যুপ খেলে এর পরে আর ভারী খাবার খাওয়ার প্রবণতা থাকে না। তাই রাতের ডায়েটে ক্যালরির পরিমাপও কম থাকে।

মেদ ঝরানো সহজ হয়

প্রোটিন, ফাইবার, ভিটামিন—স্যুপে সব রকমের পুষ্টি পাওয়া যায়। তার সঙ্গে শরীরকে হাইড্রেটও রাখে। আর ক্যালরি একদম কম থাকে। তাই ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। বরং, প্রতিদিনের ডায়েটে স্যুপ রেখে ওজন কমাতেও পারবেন।

ডিনারের আগে স্যুপ খেলে রাতে ভুলভাল খাবার খাওয়ার ইচ্ছা কমবে অনেকটাই। এ ছাড়া অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমিয়ে দেবে এই স্যুপ।

পুষ্টিতে ভরপুর

বিভিন্ন সবজি, ডিম, চিকেনের তৈরি স্যুপে সব রকমের পুষ্টি পাওয়া যায়। স্যুপে যত বেশি মৌসুমি সবজি ব্যবহার করবেন, এটি ততই পুষ্টিকর হবে। স্যুপ খেলে শরীরে সব রকম পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে। পাশাপাশি এই খাবারে তরলের পরিমাণ বেশি থাকে। তাই শরীরকে হাইড্রেটেডও করে স্যুপ। যেহেতু ক্যালরি কম, তাই দিনের শেষেই এই খাবার খাওয়া উচিত।

শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

ডায়াবেটিক রোগীরাও স্যুপ খেতে পারেন। সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তা ছাড়া স্যুপের সঙ্গে ভাত-রুটি না খেলেও চলে। কার্বস কম খাওয়ায় সুগার লেভেল বাড়ে না। এ ছাড়া স্যুপ মেটাবলিক স্বাস্থ্য উন্নত করে। তবে প্যাকেটবন্দি বা রেস্তোরাঁয় তৈরি স্যুপ খেলে চলবে না। সব রকম সবজি দিয়ে বাড়িতে স্যুপ বানিয়ে খেলেই উপকার পাবেন।

সূত্র : এই সময়