অর্থ ও বাণিজ্য

সততা-দক্ষতার সঙ্গে কাজ করলে কোনো ভয় নেই

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যেসব কর্মকর্তা-কর্মচারী সততা-দক্ষতা ও সচেষ্টতার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবেন তাদের কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

মঙ্গলবার (৮ জুলাই) কমলাপুর কাস্টম হাউস আইসিডি, কমলাপুর পরিদর্শন পরিদর্শন শেষে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন। পরিদর্শন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কাস্টম হাউস আইসিডি, কমলাপুরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (৯ জুলাই) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর চেয়ারম্যান কমলাপুর কাস্টম হাউসের কনটেইনার ইয়ার্ডে কাস্টমস কায়িক পরীক্ষণ কার্যক্রম, রপ্তানি কার্যক্রম এবং অ্যাসেসমেন্ট রুমে অটোমেটেড পদ্ধতিতে কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অ্যাসেসমেন্ট রুমে বিভিন্ন শুল্কায়ন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে কোনো সীমাবদ্ধতা আছে কি না সে বিষয়ে জানতে চান। এসময় তিনি ইন্টারনেট সার্ভার সমস্যার দ্রুত সমাধান করতে কাস্টমসের আইটি বিভাগকে নির্দেশনা দেন।