সিল্কসিটিনিউজ ডেস্ক:
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ভীষণ কঠিন এবং ভীষণ সহজ- জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে, একটি অধিবেশন শেষ করে, এটাই আমার প্রাথমিক উপলব্ধি।
আমি বিশ্বাস করি, বাকি জীবনে আমি যদি আরও কয়েকবার সংসদ সদস্য হই, তাহলেও সংসদ সম্পর্কে আমার এই ধারণাটা পাল্টাবে না।

যখন আমি প্রথম নিশ্চিত হলাম আমি সংসদ সদস্য হতে যাচ্ছি, তখন নতুন দায়িত্ব গ্রহণের অনুভূতির সঙ্গে সঙ্গে আর একটি যে অনুভূতি কাজ করেছে তা হল- তীব্র ভয়। এ অনুভূতিটার কথা আমার মনে থাকবে অনেকদিন।
ভয়ের কারণ, মাত্র একটি সংরক্ষিত নারী আসনের জন্য আমার দলেরই আরও অনেক নারী নেত্রীকে রেখে আমাকে মনোনয়ন দেয়া হল, আমি কি পারব নতুন সংসদ সদস্য হিসেবে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে?
আমার ভয়ের আরও একটি কারণ ছিল কিংবা বলা যায় এ কারণটিই প্রধান। এর সঙ্গে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জড়িত। বাবা অলি আহাদকে রাজনীতিবিদ হিসেবে যেমন দেখেছি, তাতে মনে হয়েছে শুধু সততা, আন্তরিকতা আর কর্মনিষ্ঠাই উঁচু মাপের রাজনীতিবিদ তৈরি করে না, বরং সেই মানুষের নানা বিষয়ের জ্ঞান এবং প্রজ্ঞাও খুবই জরুরি। সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই আমি ভয় পেয়েছিলাম এটা ভেবে, আমি কি আসলেই পারব একজন সত্যিকারের পার্লামেন্টারিয়ানের জ্ঞান-প্রজ্ঞার যে মানদণ্ড আছে, সেটা ছুঁতে? অন্ততপক্ষে একজন সংসদ সদস্যের নানা তথ্য-উপাত্তনির্ভর যে বক্তব্য সংসদকে প্রাণবন্ত করে তোলার জন্য অপরিহার্য, সেটি যথাযথভাবে তুলে ধরতে, বিশেষত যখন সংসদটি হয় অনেকটা একদলীয় এবং দীর্ঘদিনের অনভ্যস্ততাজনিত কারণে একেবারেই জবাবদিহিতাহীন। লক্ষ করলাম, বহুদিন সংসদে কোনো কার্যকর বিরোধী দল না থাকায় এক ধরনের আরামদায়ক আলস্য সর্বত্র।
সংসদে আমার প্রথম বক্তৃতাটা কেমন হবে, সেটার জন্য খুঁটিনাটি চিন্তা করা, প্রস্তুতি নেয়া, সেটা লেখা, সবকিছু নিয়ে দিনের পর দিন সময় গেছে। এরপর সংসদে বাজেট প্রস্তাবিত হল, সেই বাজেট বক্তৃতার পুরোটা পড়ে, খুঁটিনাটি বুঝে সেটার ওপর আবার বক্তৃতা তৈরি করা, সেটাও ছিল ভীষণ পরিশ্রমের কাজ। বিশেষত আমি যখন একেবারেই আনকোরা নতুন, সংসদ বিষয়ে অভিজ্ঞতাহীন। সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার প্রথম অধিবেশনই ছিল বাজেট অধিবেশন।
দীর্ঘতম অধিবেশন, যেখানে অন্য আর সব বিষয়ের সঙ্গে সঙ্গে অর্থনীতির মতো জটিল বিষয়েও ন্যূনতম জ্ঞান না থাকলে অংশ নেয়া মুশকিল। অবশ্য কেউ যদি মাঠের বক্তব্য দিয়ে দায় সারতে চায়, সে সুযোগও আছে।
বাজেট বক্তৃতা, প্রশ্নোত্তর, সিদ্ধান্ত প্রস্তাব, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ, আইনের সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা- এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখার জন্য ভীষণ সময়সাপেক্ষ এবং পরিশ্রমসাধ্য প্রস্তুতি দরকার, যেটার মধ্য দিয়ে গিয়েই কেবল কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
অথচ সংসদের দিকে তাকালে দেখা যায় বেশিরভাগ সংসদ সদস্য যা করছেন, সেটাকে বিবেচনা করলে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করাটা খুব সহজ ব্যাপার বলে মনে হতেই পারে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলে, কেউ চাইলে তার সংসদ সদস্য জীবনের পুরো সময়টা একটি বাক্য ব্যয় না করে কিংবা কেবল মেঠো বক্তৃতা করেই পার করতে পারে।
টিআইবি প্রকাশিত পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন দেখলে ঠিক এ ধারণাটাই স্পষ্ট হয়। প্রথম অপশনটি সহজ বলে অধিকাংশ সদস্যই বেছে নেন, যে কারণে বাংলাদেশ জন্মের এত বছরেও হাতেগোনা কয়েকজন বাদে সত্যিকার অর্থে পার্লামেন্টারিয়ান হিসেবে কারও নাম শোনা যায় না।
তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে, যে পদ্ধতিতে কেউ সংসদ সদস্য নির্বাচিত হন, সংসদ সদস্যদের আরও যেসব জায়গায় জড়িত করে রাখা হয়েছে, আমরা কীভাবে প্রত্যাশা করি এরপরও সংসদ সদস্যদের মূল দায়িত্ব পালনে আগ্রহ থাকবে?
মোটামুটিভাবে বলা যায়, সংসদের মূল কাজ আইন প্রণয়ন ও সংশোধন করা, নানা বিষয়ে রাষ্ট্রীয় নীতি প্রণয়ন ও পর্যালোচনা করা, জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা এবং জনগণের প্রতিনিধিত্ব ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা।
টিআইবির রিপোর্টে দেখা যায়, বাংলাদেশের আইনসভার সদস্যরা বাজেট ছাড়া আইন প্রণয়নে সময় ব্যয় করেছেন মাত্র ১২ শতাংশ। বিলগুলো উত্থাপন এবং বিলের ওপর সংসদ সদস্যদের আলোচনা ও মন্ত্রীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি বিল পাস করতে গড়ে সময় লেগেছে প্রায় ৩১ মিনিট।
অথচ ভারতে ষোলোতম লোকসভায় প্রতিটি বিল পাসের আলোচনায় গড়ে ১৪১ মিনিট ব্যয় হয়, অর্থাৎ আমাদের প্রায় পাঁচ গুণ।
সংসদ সদস্যদের অধিবেশনে উপস্থিতিকেও আদৌ কতটুকু গুরুত্ব দেয়া হয় তার একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশক হতে পারে এমন : দশম সংসদে ৭৫ শতাংশের বেশি সময় সংসদে উপস্থিত ছিলেন মাত্র ৩১ শতাংশ সদস্য, আর মন্ত্রীদের মধ্যে মাত্র ১৭ শতাংশ ৭৫ শতাংশ কার্যদিবসের বেশি উপস্থিত ছিলেন।
অনুপস্থিত থাকার এ মানসিকতার একটা বড় ফল হয়েছে কোরাম সংকট। বলে রাখা ভালো ৩৫০ সদস্যবিশিষ্ট সংসদে কোরাম পূর্ণ হতে লাগে মাত্র ৬০ জন। দশম সংসদের অধিবেশনে মোট ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট কোরাম সংকটের কারণে অপচয় হয়, যা ২৩টি অধিবেশনের প্রকৃত মোট সময়ের ১২ শতাংশ। কোরাম সংকটের কারণে অপচয় হওয়া মোট সময়ের অর্থমূল্য ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা।
টিআইবি শুধু কোরাম সংকটের ব্যয়ের হিসাব করেছে। সংসদ অধিবেশন চলাকালীন সংসদে বক্তৃতার নামে কারও অহেতুক গুণকীর্তন, কবিতা পাঠ, গান গাওয়া, ব্যক্তিগত আক্রমণ, অসংসদীয় ভাষায় গালাগাল ইত্যাদি বহু কিছু করার মাধ্যমে যে সময়ের অপচয় হয়, সেই অপচয়ের আর্থিক মূল্যের হিসাব টিআইবি করেনি। আশা করি, ভবিষ্যতে কোনো রিপোর্টে তারা সেটা করবেন।
উপজেলা পরিষদ আইনের ২৫ ধারায় সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ এমপিকে উপজেলা পরিষদের উপদেষ্টা করা হয়েছে এবং তার পরামর্শ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
এমনকি সংসদ সদস্যকে অবহিত না করে উপজেলা পরিষদের পক্ষে সরকারের সঙ্গে কোনোরকম যোগাযোগ করাও সম্ভব নয়। অর্থাৎ একজন সংসদ সদস্য এ ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে স্থানীয় সরকারের সেতুবন্ধের মতো কাজ করে।
আইনের এ ধারাটির দ্বিমুখী সমস্যা আছে। এ ধারার কারণে প্রকারান্তরে উপজেলা পরিষদকে সংসদ সদস্যের প্রভাবের অধীন করা হয়েছে, যেটা একটা স্বাধীন, নির্বাচিত স্থানীয় সরকারের ধারণার পরিপন্থী।
বহু এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্যের মতদ্বৈধতা এবং অনেক ক্ষেত্রে সংঘাতের খবর আমরা পত্রিকায় পেয়েছি। এভাবে একটা স্থানীয় শাসন কখনও স্বাধীনভাবে জনগণের কল্যাণে পরিপূর্ণভাবে কাজ করতে পারে না।
বাংলাদেশের মতো একটা এককেন্দ্রিক রাষ্ট্র কখনও শক্তিশালী স্বাধীন স্থানীয় সরকার ছাড়া সুশাসন নিশ্চিত করতে পারবে না। জনগণ নানারকম সেবা থেকে বঞ্চিত হবেই। সংসদ সদস্যদের কারণেই এ সেবা বাধাগ্রস্ত হচ্ছে।
আইনের এ ধারাটির কারণে সংসদ সদস্যদের এ কাজে অনেক বেশি মনোযোগী থাকতে দেখা যায়। একটা দুর্নীতিপ্রবণ দেশে বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয় তার হিস্যা দাবি করতে সংসদ সদস্যদের একটা বড় অংশ পরিপূর্ণ মনোযোগ রাখেন স্থানীয় সরকারের প্রকল্পগুলোর প্রতি।
একইভাবে প্রত্যেক সংসদ সদস্যের নামে আছে টিআর-কাবিখার বরাদ্দ। এটা ছাড়াও নানা মন্ত্রণালয়ের নানা রকম ফান্ড থেকে সংসদ সদস্যরা অনুদান নিতে পারেন। এ বরাদ্দের মধ্যেও দুর্নীতি আছে এবং অনেক সংসদ সদস্য সেই দুর্নীতির সঙ্গে জড়িত থেকে আর্থিকভাবে লাভবান হন।
এমনকি যেসব সংসদ সদস্য কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন না, তারাও উপজেলা পরিষদের উপদেষ্টার কাজটি কিংবা টিআর-কাবিখার বণ্টন নিয়ে অনেক বেশি সময় এবং মনোযোগ ব্যয় করেন, কারণ এসব কাজ দেখিয়ে তিনি আগামী নির্বাচনে ভোট চাইতে পারবেন।
একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে উপজেলার উপদেষ্টা আমি নই, কিন্তু আমার হাতে আসা টিআর-কাবিখার সঠিক বণ্টন করা এবং সেই কাজ সুষ্ঠুভাবে হয়েছে কি না, সেই রিপোর্ট নিয়মিত ফলোআপে রাখতে গিয়ে আমি দেখেছি আমার কতটা সময় এবং মনোযোগ নষ্ট হয় এ কাজে। আর তাই গত সংসদ অধিবেশনে আমি এই দুটো প্রকল্প সংসদ সদস্যদের নামে বরাদ্দ বাতিল করার দাবি করেছিলাম।
যেহেতু এভাবে নানারকম প্রকল্প থেকে যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে, তাই সংসদ সদস্য হওয়াটা খুব লাভজনক একটা বিনিয়োগে পরিণত হয়েছে। এবং এই কারণেই আমরা ‘মনোনয়ন বাণিজ্য’ বলে একটা কথা হরহামেশা শুনি। মোটা টাকা দিয়ে মনোনয়ন কিনে, নির্বাচিত হওয়ার জন্য মোটা টাকা ব্যয় করে নির্বাচিত সংসদ সদস্যদের এরপর সেই বিনিয়োগ উঠিয়ে আরও অনেক লাভ করার প্রতিই মনোযোগ বেশি থাকবে, এটাই স্বাভাবিক।
আমি বিশ্বাস করি, সংসদ সদস্য হওয়াটাকে একটা বেশ লাভজনক বিষয়ে পরিণত করার কারণে বেশিরভাগ সংসদ সদস্যের মূল কাজের প্রতি মনোযোগ থাকে না। এ নিয়মগুলো বিদ্যমান রাখার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে সঠিক ব্যক্তিরা সংসদে আসছেন না। তাই যারা আসছেন তাদের বেশিরভাগেরই সংসদের যে মূল দায়িত্বের কথা আগে বলেছি, সেই দায়িত্ব পালন করার সক্ষমতাই নেই।
২০১৪ সালের ৫ জানুয়ারি একটি ভোটও দেয়ার আগেই দশম জাতীয় সংসদ একটি দল নির্বাচনে বিজয়ী হয়ে গিয়েছিল। সেই সংসদে একটা অদ্ভুত বিরোধী দলও ছিল, যেটা একই সঙ্গে সরকারের অংশীদার ছিল। কিন্তু তবুও দশম সংসদে যা হয়েছে, সেটাকে এ সংসদের বিশেষ বৈশিষ্ট্যগুলোর কারণে হয়েছে এটা বলা যায় না।
কারণ এর আগে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, সেসব ক্ষেত্রে মোটামুটি একই ধরনের অবস্থাই ছিল। বিদ্যমান ব্যবস্থা না পাল্টালে ভবিষ্যতে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেও একই পরিস্থিতি চলতে থাকবে।
এ দেশের সরকারগুলো মনে করে সংসদ সদস্যদের হাত দিয়ে নানা প্রকল্প বাস্তবায়ন করালে ভবিষ্যতে সংসদ সদস্য এবং তাদের দল নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসতে পারবে। এ নির্বাচিত হওয়ার চিন্তা থেকেই বেশিরভাগ সদস্য সংসদের কার্যপ্রণালি বিধির বিভিন্ন ধারায় তাদের বক্তব্য বা প্রশ্নের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়কে অনেক ক্ষেত্রে এড়িয়ে গিয়ে এলাকার সমস্যাকেই মূলত প্রাধান্য দেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাওয়া বাংলাদেশের মানুষের বুঝতে হবে একটা সংসদ নির্বাচনে মানুষ ভোট দেবে একটা দলের সার্বিক কর্মকাণ্ড বিবেচনা করে। মানুষ যেন বুঝতে পারে রাষ্ট্রে একটা কল্যাণমুখী সরকার থাকলে নির্বাচিত স্বাধীন স্থানীয় সরকারের মাধ্যমে সব রকম সেবা এবং উন্নয়ন তাদের কাছে পৌঁছে যাবে।
তাই অতি দ্রুত সংসদ সদস্যদের তাদের মূল কাজে ফিরিয়ে আনার জন্য এবং সেই কাজে দক্ষ মানুষগুলোকে সংসদে আনার লক্ষ্যে সংসদ সদস্যদের এ ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে আনতেই হবে।
ব্যারিস্টার রুমিন ফারহানা : সংসদ সদস্য; আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক, বিএনপি










