সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাংবাদিকদের পার্লামেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভ করেছে।

শনিবার সকাল থেকে জনগণের বিশাল জমায়েত প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হতে থাকে। বিক্ষোভকারীরা সেখান থেকে পার্লামেন্ট ভবন পর্যন্ত মিছিল করে।
অপরদিকে, পার্লামেন্টের অভ্যন্তরে শুক্রবার থেকে বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা যে অবস্থান ধর্মঘট শুরু করেন, তা শনিবারও পালন করেছেন।
পোলিশ প্রধানমন্ত্রী বিয়েতা জিডলো এক টেলিভিশন সাক্ষাৎকারে পার্লামেন্ট সদস্যদের কর্মকাণ্ডকে ‘কলঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, মানুষ প্রতিবাদ করার জন্য মুক্ত, কিন্তু তাদের অবশ্যই অপরের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
সম্প্রতি পোল্যান্ডে ক্ষমতাসীন ডানপন্থী সরকার পার্লামেন্টে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার উদ্যোগ নেয়। তবে বিরোধী দল ও অন্যান্যদের দাবি, সরকারের এই উদ্যোগ প্রকৃতপক্ষে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশাল পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যেও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের সামনে প্রায় দুই হাজার মানুষ জড়ো হয়। তারা ‘স্বাধীনতা, সমতা, গণতন্ত্র’ বলে স্লোগান দেন। কারও কারও হাতে ছিল সংবিধানের কপি। পরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে পার্লামেন্টের দিকে মিছিল করেন।
সাবেক পোলিশ প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক পশ্চিমাঞ্চলীয় রোক্লোও শহরে সাংবাদিকদের বলেছেন, সংবাদমাধ্যম ছাড়া ‘গণতন্ত্র স্বৈরতন্ত্রে পরিণত হয়’।
সূত্র: বাংলা ট্রিবিউন










