সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

শেয়ারবাজার রক্ষায় সরকারের দায়িত্ব অনেক

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২০৭ মিনিট পড়া
শেয়ারবাজার রক্ষায় সরকারের দায়িত্ব অনেক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আধুনিক পুঁজিবাদের একটি অনিবার্য অনুষঙ্গ হচ্ছে স্টক অ্যান্ড শেয়ার মার্কেট। পুঁজিপতিরা প্রথমে শুরু করেছিলেন নিজের পুঁজি দিয়ে, যদিও এ তথাকথিত নিজস্ব পুঁজিটা প্রাথমিকভাবে সংগৃহীত হয়েছিল ঔপনিবেশিক ও দেশীয় লুণ্ঠনের মাধ্যমে। এ যুগকে কার্ল মার্কস নাম দিয়েছিলেন পুঁজির আদি সঞ্চয় পর্ব বা প্রাগৈতিহাসিক পর্ব।

আধুনিক শেয়ার মার্কেট গড়ে উঠেছে আরও অনেক পরে। বাণিজ্যিক পুঁজি শিল্পপুঁজিতে রূপান্তরিত হয়েছে, শিল্প মালিকরা ব্যাংকের মালিক হয়েছেন। তখন শিল্পপুঁজি এবং ফিন্যান্স-পুঁজির (ব্যাংক) মিলন ঘটেছে এবং অবশেষে পুঁজির ক্ষুধা মেটানোর জন্য শেয়ার মার্কেটের জন্ম হয়েছে। শেয়ার মার্কেটের মাধ্যমে অসংখ্য ক্ষুদে সঞ্চয়কারী তার টুকরো সঞ্চয় ব্যবহার করে একটি বৃহৎ কোম্পানির মালিকানায় অংশীদারিত্ব পেতে পারেন।

বলা হয়, এটি হচ্ছে পুঁজির গণতান্ত্রিক মালিকানা; নামান্তরে কর্পোরেট মালিকানা। এর একটি আদর্শ উদাহরণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের মালিকানা। ৩০ লাখ শেয়ারহোল্ডারের মধ্যে এ মালিকানা বিস্তৃত; কিন্তু এটি যেহেতু আইন করে শুধু ভূমিহীন দরিদ্রদের মালিকানায় সীমাবদ্ধ, সেহেতু এ শেয়ারগুলো নিয়ে শেয়ার মার্কেটে ফটকাবাজি বা লেনদেনের কোনো সুযোগ নেই।

গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্স অনুযায়ী ধনী লোকেরা এ শেয়ারের মালিক হতে পারবে না। অবশ্য সরকারের আংশিক মালিকানা স্বীকৃত (আদিতে তা ছিল ৩০ শতাংশের সমান, যা এখন ৩ শতাংশে নেমে এসেছে এবং এখন আবারও বাড়ছে!) কিন্তু আমরা যে শেয়ার কেলেঙ্কারির কথা বলছি, তার কেন্দ্রবিন্দু হচ্ছে একটি মুক্ত শেয়ারবাজার- এখানে খেলোয়াড় ধনী-গরিব যে কেউ হতে পারেন; যেখানে রাঘববোয়াল থেকে শুরু করে পুঁটিমাছ পর্যন্ত অবাধে সাঁতার কাটার অধিকার রয়েছে। পুঁজিবাদের কোনো কোনো ভক্ত একেই বলেছেন ‘পিপলস্ ক্যাপিটালিজম বা জনগণের পুঁজিবাদ’।

কিন্তু আমরা সবাই জানি, এ উন্মুক্ত বাজার অর্থনীতির নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত শেয়ারগুলো কেন্দ্রীভূত হয় গুটিকয়েক বৃহৎ শেয়ার ব্যবসায়ীর হাতে। যেসব কোম্পানি বাজারে শেয়ার ছাড়ে, তারাও সর্বদাই অর্ধেকের বেশি শেয়ার ব্যক্তি-মালিকানায় রেখে দিতে চেষ্টা করেন, যাতে কোম্পানির মূল নিয়ন্ত্রণ তাদের হাতেই কেন্দ্রীভূত থাকে।

শেয়ার মার্কেটের মাধ্যমে তত্ত্বগতভাবে সবাইকে পুঁজির মালিক করা সম্ভব এবং পুঁজির একটি গণপ্রসারিত ভিত্তি তৈরি করে পুঁজির দুর্নাম দূর করা সম্ভব; কিন্তু উন্মুক্ত বাজারে বাস্তবে তা সুদূরপরাহতই থেকে গেছে। বিষয়টি অনেকটা বুর্জোয়া গণতন্ত্রের মহৎ সম্ভাবনার মতো; যা একটা চমৎকার গল্প দিয়ে কমরেড ভবানী সেন ১৯৭২ সালে ঢাকায় দেয়া এক বক্তৃতায় বর্ণনা করে গেছেন।

তিনি বলেছেন, ‘একবার হোটেলে গিয়ে আমি খরগোসের মাংস খেতে চাইলাম। হোটেলওয়ালা আমাকে বলল, খরগোসের মাংস নেই, আছে খরগোস ও ঘোড়ার মাংসের মিশ্রিত কারি। এদের উভয়ের সমান সমান অনুপাতে এ কারি তৈরি হয়েছে। অগত্যা আমি সেটাই খেতে চাইলাম। খেতে বসে দেখি প্রায় সবই ঘোড়ার মাংস, খরগোশের মাংস পাওয়াই যাচ্ছে না।

তখন জিজ্ঞেস করলাম, কিহে ভাই, সমান সমান অনুপাতের কী হল? হোটেলওয়ালা সহাস্যে বললেন, সমান সমানই তো আছে। একটি ঘোড়ার সঙ্গে একটি খরগোস মিশিয়েছি ঠিক যেমন, বুর্জোয়া গণতন্ত্রে বুর্জোয়া হচ্ছে ঘোড়ার সমান আর গণতন্ত্র হচ্ছে খরগোসের সমান। এ গল্প অনুসরণ করে শেয়ার মার্কেটকে যারা জনগণের পুঁজিবাদ বলে চালাতে চান, তাদের উদ্দেশে আমি বলব, ওইখানে পুঁজিপতির অংশ ঘোড়ার সমান আর জনগণের অংশ খরগোসের সমান।

অতীতে আমাদের শেয়ার মার্কেটে মূল্যসূচক অতি দ্রুত গতিতে অস্বাভাবিক হারে একটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে আবার অতি দ্রুত গতিতে ধপাস করে নিচে নেমে গিয়েছিল। সেই সময় দেখা গেল, এ অস্বাভাবিক উত্থান এবং অস্বাভাবিক পতনের মাধ্যমে ৩০ লাখ শেয়ারহোল্ডারদের মধ্যে ২৯ লাখ ৯৯ হাজার ৭০০ লোকই হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, না হয় সীমিত লাভ করেছে।

সব মিলিয়ে তাদের নিট ক্ষতির পরিমাণ কেউ কেউ বলেন ৩০ হাজার কোটি টাকার সমান। এর সিংহভাগ নাকি জমা হয়েছে; বাদ বাকি ৩০০ উপরের বড় খেলোয়াড়দের হাতে। এই ৩০০ জনের একটি নামের তালিকা খোন্দকার ইব্রাহিম খালেদ তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, যা অগ্রিম বাজারে ফাঁস হয়ে যায়। ফলে তাকে মানহানির মামলার সম্মুখীন হতে হয়। অবশ্য পত্রিকার নানা খবর থেকে মনে হয়, তার রিপোর্টে যথেষ্ট সত্যতা রয়েছে।

কেউ বলতে পারেন, বাকি ২৯ লাখ ৯৯ হাজার ৭০০ খেলোয়াড় দ্রুত টাকা বানানোর অভিলাষে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে লোভের বশবর্তী হয়ে শেষ সম্বলটুকুও শেয়ারবাজারে ঢেলে দিয়েছিল বলেই শেয়ারের এ অস্বাভাবিক দাম বৃদ্ধি ঘটেছিল। তারা ঠিক সময়ে শেয়ার বিক্রি করতে না পারায় তাদের এখন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এজন্য তারা নিজেরাই দায়ী।

এ কথা ঠিক, শেয়ারবাজারে অতিরিক্ত টাকার প্রবাহ না এলে দাম আদৌ বৃদ্ধি পেত না; কিন্তু এ কথাও ঠিক যে, দাম যখন এ রকম অস্বাভাবিক বৃদ্ধি পায়, তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বা শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর একটি দায়িত্ব হচ্ছে বাজারের দাম নিয়ন্ত্রণ করা অথবা ক্রেতাদের প্রয়োজনীয় সতর্কতা সংকেত প্রদান করা।

এছাড়া প্রাইমারি মার্কেটে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ারের মূল্য নানা পদ্ধতিতে যখন অভিহিত মূল্যের অনেকগুণ বেশি মাত্রায় নির্ধারিত হয়, তখনও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কেন কোনো উচ্চবাচ্য করেনি সে প্রশ্ন থেকেই যায়।

আগেও সাহসী সাংবাদিকরা এসব বিষয়ে বহু গোপন এবং দুরূহ তথ্য খবরের কাগজে ছেপে দিয়েছিলেন এবং এখনও দেয়া হচ্ছে। সৌভাগ্যবশত আজও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের ক্ষমতাবান মানুষ ভয় পায়। তাদের একটা ইউনিটি আছে বলেই আজও আমরা সত্যের আলো কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাই।

তবে যেহেতু সংবাদপত্রে ব্যক্তি মালিকানার কর্তৃত্ব স্থাপিত হয়েছে, সেহেতু সত্য জানতে হলে অনেক পত্রিকা পাঠ করতে হয়। সবগুলোর অর্ধসত্য যোগ দিলে পূর্ণ সত্য পাওয়া যায়। বিরোধী দলের সমালোচনা ক্ষমতাসীন দলের পত্রিকায় পাওয়া যায়। আবার ক্ষমতাসীন সম্পর্কে খবর বিরোধী দলের পত্রিকায় পাওয়া যায়!

২৫ ডিসেম্বর, ১৯৯৭ সালে ভোরের কাগজে প্রকাশিত খবর থেকে এ প্রসঙ্গে দুটো তথ্য স্মরণ করিয়ে দিতে চাই, ১৯৯২ সালে বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেয়া হয়েছিল। সেটি ছিল খালেদা জিয়া সরকারের আমল। ১৯৯২ থেকে ১৯৯৭-এর অক্টোবর পর্যন্ত বিদেশি পুঁজিপতিরা শেয়ার মার্কেটে ৭৭,৯৫২ কোটি টাকা বিনিয়োগ করেন।

এ বিদেশি বিনিয়োগ মূলত হয়েছিল শেয়ারবাজারে প্রাইমারি শেয়ার কেনার ক্ষেত্রে এবং এর বেশিরভাগ ক্রয়মূল্য ছিল অভিহিত মূল্যের সমান। অনেক অর্থনীতিবিদ তখন খুব খুশি হয়েছিলেন এই ভেবে যে, আমাদের দেশে বিদেশি বিনিয়োগের অন্তঃপ্রবাহ বাড়ছে। শেয়ার মার্কেটের বাজারদর যখন উপরে উঠছিল তখন সবাই খুব হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করছিলেন; কিন্তু প্রকৃত ঘটনা কী ঘটল?

ওই একই সময়ে এ বিদেশি বিনিয়োগকারীরা তাদের কেনা ৬৯২ কোটি টাকার শেয়ার মওকামতো ১০৫৪.৭৩ কোটি টাকায় বিক্রি করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তাদের কেপিট্যাল গেইনের মাত্রা ছিল ৩৬২.৭৩ কোটি টাকা।

অর্থাৎ, বিনিয়োগের ওপর প্রাপ্তি হার ৫২.৪২ শতাংশ! অক্টোবর, ১৯৯৭-এর মধ্যে বিদেশিরা তাদের প্রাথমিক বিনিয়োগের ৯০ শতাংশ আবার প্রত্যাহারও করে নেন। অর্থাৎ বিদেশি পুঁজির অন্তঃপ্রবাহের চেয়ে বহিঃপ্রবাহই শেষ পর্যন্ত বেশি হয়ে গেল।

ওই সময় শেয়ার কেলেঙ্কারির জন্য তিনজনের নাম ভোরের কাগজে উল্লেখ করা হয়েছিল। তাদের মধ্যে দু’জন ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন। এর মধ্যে একজন বলেছিলেন, আমার এ পুনর্নির্বাচনই প্রমাণ করে যে, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।

কিন্তু পরে তথ্যানুসন্ধানের মাধ্যমে দেখা যায়, ওই সময় নির্বাচনে ১৮১ জন ভোটারের মধ্যে মাত্র ২৯ জনকে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছিল। কতখানি ক্ষমতা থাকলে অভিযুক্ত ব্যক্তিটি সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে আবারও ক্ষমতায় আসীন হতে পারেন, তা পাঠকদের অনুমানের ওপরই আমি ছেড়ে দিচ্ছি।

আমার দ্বিতীয় প্রস্তাব ছিল, অন্তত শেয়ার কেলেঙ্কারি থেকে অস্বাভাবিক অর্থ যারা উপার্জন করেছেন; তাদের প্রত্যেকের টিন নম্বর এবং ট্যাক্স ফাইল তলব করা হোক। যেহেতু এ অস্বাভাবিক মুনাফাটি অনুপার্জিত আয়ের মতোই এক ধরনের উইন্ড ফল গেইন, সেহেতু এ লাভের ওপর সরকার ইচ্ছে করলে বিশেষ সর্বোচ্চ কর বসাতে পারে।

এতে সরকারের যে বাড়তি আয় হবে, তার অংশবিশেষ দিয়ে ক্ষতিগ্রস্ত পুঁজি বিনিয়োগকারীদের জন্য সরকার বিশেষ ক্ষতিপূরণ ব্যবস্থার পদক্ষেপও নিতে পারে; বিশেষ করে যারা ব্যাংক ঋণ নিয়ে এ ব্যবসায় এসে সর্বস্বান্ত হয়েছে, তাদের ব্যাংক ঋণ সাময়িকভাবে পরিশোধ করে তাদের ওপরে নিঃস্বকরণের চাপ লাঘব করা যেতে পারে।

এছাড়া যারা সুস্পষ্টভাবে আইন ভঙ্গ করেছেন এবং কর্তব্যে অবহেলা করেছেন, সেসব আমলা ও কর্মচারীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যেতে পারে। বাংলাদেশ ব্যাংক শেয়ার মার্কেটের দিকে ব্যাংক থেকে ধাবিত অর্থের প্রবাহ যথাসময়ে কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল, সে বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দায়িত্ব অনেক।

এমএম আকাশ : অর্থনীতিবিদ; অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়