সিল্কসিটিনিউজ ডেস্ক:
টানা দরপতনের পর শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সবক’টি মূল্যসূচকের উত্থান হয়েছে।
এর মাধ্যমে দুই বাজারেই টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল। অবশ্য সবক’টি মূল্যসূচক বাড়লেও এদিন দুই বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৩১টির। আর ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় চার পয়েন্ট বেড়ে এক হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৪৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৯৩ কোটি ৭০ লাখ টাকা।
সে হিসাবে লেনদেন কমেছে ৬৬ কোটি ২৬ লাখ টাকা। অবশ্য আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ২০ কার্যদিবস বা ১১ অক্টোবরের পর সর্বোচ্চ লেনদেন হয়।









