সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হয়েছে। এতে এক্সেচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে। তবে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেন কমেছে উল্লেখযোগ্য পরিমাণ। দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন প্রায় ১৩৯ কোটি টাকা কমে গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৯টির। বিপরীতে কমেছে ১৬৭টির। আর দিনশেষে দর অপরিবর্তিত রয়েছে ৫১টি সিকিউরিটিজের।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্টে বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এক্সচেঞ্জটির শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে উঠেছে। আর ভালো মৌলভিত্তি সম্পন্ন ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্ট দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৮৮৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকা।
খাত খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আজ ব্যাংক খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এছাড়া সাধারণ বীমা ও বস্ত্র খাত আজকের লেনদেনে বড় অবদান রেখেছে। অন্যদিকে সেবা, খাদ্য ও ব্যাংক খাতে আজ সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে। বিপরীতে ভ্রমণ, তথ্য ও প্রযুক্তি এবং কাগজ ও মূদ্রণ খাতে সবচেয়ে বেশি নেতবাচক রিটার্ন এসেছে।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্য সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে ১৪৮৯৯ পয়েন্টে উঠেছে। লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯০টির। কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। এক্সচেঞ্জটিতে মোট ২৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।









